আমাদের দেশে বর্তমানে যে আইন শিক্ষা প্রচলিত আছে, তা পাল্টাতে হবে। এই শিক্ষায় মানুষের জীবনের বাস্তবতাকে সম্পৃক্ত করতে হবে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে আইনকে ব্যবহার করতে হবে। এসব সংস্কারের উদ্দেশে দেশে নতুন ধরনের আইন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে।দক্ষিণ এশিয়ায় আইন শিক্ষা বিষয়ে গতকাল রোববার মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত দিনব্যাপী সেমিনারে দেশের প্রখ্যাত আইন বিশেষজ্ঞরা এ কথা বলেন। সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব অ্যাডভান্সড লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস স্টাডিজ নামে একটি সংগঠন সেমিনারের আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা আইনকে সাধারণ মানুষের স্বার্থে ব্যবহার করতে সবার প্রতি আহ্বান জানান।সেমিনারে সমাপনী পর্বে প্রখ্যাত আইনজ্ঞ ড. কামাল হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মিজানুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন জাকির হোসেন প্রমুখ বক্তব্য দেন। সকালে বক্তব্য দেন আইন কমিশনের চেয়ারম্যান শাহ্ আলম।প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান বলেন, বাংলাদেশে আইন শিক্ষা দীর্ঘদিন ধরে একই ধারাবাহিকতায় চলছে। সাধারণ মানুষের জীবনের বাস্তবতা এই শিক্ষায় ফুটে উঠে না। যুগের চাহিদা মেটাতে এই শিক্ষার আধুনিকায়ন করতে হবে। প্রয়োজনে দেশে একটি নতুন ধরনের আইন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। তিনি বলেন, এই প্রতিষ্ঠান হবে সম্পূর্ণ আবাসিক। এর ছাত্ররা গ্রাম, শহরের বস্তি অঞ্চল, দলিত অধ্যুষিত এলাকা ও সংখ্যালঘুদের কাছে যাবে, কারাগার পরিদর্শন করবে। এসব বাস্তব জ্ঞান নিয়ে এসে তারা ক্লাসে যাবে। এই প্রতিষ্ঠানের শিক্ষকেরা এমন হবেন—যারা শিক্ষার্থীকে স্বপ্ন দেখাতে পারবেন।সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেক আইনজীবী সাক্ষীদের বক্তব্য শিখিয়ে দেন। কিন্তু আইনজীবীরা বুকে হাত দিয়ে বলুন, আপনারা কী এই শিক্ষা লাভ করেছেন? আইনজীবী, বিচারকসহ আমাদের সবাইকেই নিজেদের শোধরাতে হবে। সাক্ষ্য সত্য হতে হবে। কিন্তু সত্য কোনটা—এটা আইনজীবী শিখিয়ে দেবেন না। মানুষ যদি সত্য না বলে, তাহলে জেরার মাধ্যমে সত্য বের করা যায়। কিন্তু মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে অনেক নিরপরাধ ব্যক্তির সাজা হয়।বিশেষ অতিথির বক্তব্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বলেন, আইনকে অবশ্যই জনবান্ধব হতে হবে। কিন্তু সাধারণভাবে মনে হয় আইন একটি রহস্যময় জিনিস। একে আরও পরিষ্কার করতে হবে, সহজবোধ্য করতে হবে।এর আগে সকালে উদ্বোধনী অধিবেশনে আইন কমিশনের চেয়ারম্যান শাহ্ আলম বলেন, আইন শিক্ষার শুরুতেই শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষা দিতে হবে। নতুন আইন প্রণয়ন ও আইন সংশোধনের জন্য প্রয়োজন গবেষণা। সামাজিক প্রয়োজন মেটানোর জন্যই আইনের প্রয়োজন। সমাজের চাহিদা গবেষণা ছাড়া বোঝা সম্ভব নয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন জাকির হোসেন বাংলাদেশে আইনি শিক্ষার বিভিন্ন দুর্বলতার কথা উল্লেখ করে বক্তব্য দেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরী সেমিনারে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।