আইন সমিতির অনুষ্ঠানে চাঁদা চাওয়া আসামিরা রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ আইন সমিতির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় চাঁদা চেয়ে মারধরের মামলায় গ্রেপ্তার চার আসামিকে আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম আসাদুজ্জামান নুর এই আদেশ দেন। গতকাল নিউমার্কেট থানার পুলিশ চার আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আইনজীবীরা আদালতকে বলেন, গত ১৬ ফেব্রুয়ারি নীলক্ষেতে পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি মিলনায়তনে বাংলাদেশ আইন সমিতি ও প্রথম আলোর উদ্যোগে উচ্চ আদালতে বাংলা ভাষা ব্যবহার বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। আসামি সাগর ও তাঁর সহযোগীরা অনুষ্ঠান করতে নিষেধ করেন। বাদী আবু হানিফ এর কারণ জিজ্ঞেস করলে আসামিরা বলেন, অনুষ্ঠান করতে হলে তাঁদের রিভার ক্রুজের জন্য ৫০ হাজার টাকা চাঁদা দিতে হবে। চাঁদা না দেওয়ায় আসামিরা অনুষ্ঠান শেষে বাদীকে মারধর করেন এবং বাদীসহ কয়েকজনকে একাডেমি মিলনায়তনের একটি কক্ষে আটকে রাখেন। আসামিরা বাদীর কাছে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেন। ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।বাদী আবু হানিফের পক্ষে রিমান্ড শুনানি করেন আইনজীবী গোলাম মোস্তফা খান, আনোয়ারুল কবির, প্রশান্ত কুমার কর্মকার, শাহীনুর ইসলাম, রেজাউল ইসলাম, তরিকুল ইসলামসহ শতাধিক আইনজীবী।