আইনজীবী সমিতির নির্বাচন, প্রথম দিনে ভোট পড়েছে ৮৩৩
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট এক হাজার ৯৭১ জন ভোটারের মধ্যে এদিন ৮৩৩ জন সদস্য ভোট দিয়েছেন। আজ দ্বিতীয় দিনে সকাল ১০টা থেকে মধ্যে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপর ভোট গণনা শুরু হবে। নির্বাচন ঘিরে গতকাল সকাল থেকেই সমিতি অঙ্গনে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। ভবনের সামনে সকাল থেকেই জড়ো হতে থাকেন দলীয় সমর্থক আইনজীবীরা। সমিতি ভবন থেকে ভোটকেন্দ্র পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে নীল প্যানেলে বিএনপির সমর্থক আইনজীবীরা ও সাদা প্যানেলে আওয়ামী লীগের সমর্থক আইনজীবীরা সাধারণ ভোটারদের হাতে কার্ড ও প্রার্থী-তালিকা তুলে দেন। মাঝেমধ্যে তাঁরা ‘সাদা’ ও ‘নীল’ বলে স্লোগান দেন।সকাল ১০টায় প্রথম ভোট দেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এ ছাড়া ভোট দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস, জমিরউদ্দিন সরকার, মওদুদ আহমদ, ইউসুফ হোসেন হুমায়ুন, আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদ প্রমুখ।