আইনজীবী সমিতির নির্বাচন, প্রথম দিনে ভোট পড়েছে ৯৮২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের প্রথম দিনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট দুই হাজার ৩১৮ জন ভোটারের মধ্যে এদিন ৯৮২ জন সদস্য ভোট দিয়েছেন। আজ দ্বিতীয় দিনে সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপর ভোট গণনা শুরু হবে।নির্বাচনকে ঘিরে গতকাল সকাল থেকেই সমিতি অঙ্গনে ছড়িয়ে পড়ে উৎসবের আমেজ। ভবনের সামনে সকাল থেকেই জড়ো হতে থাকেন আইনজীবীরা। সমিতি ভবন থেকে ভোটকেন্দ্র পর্যন্ত লম্বা লাইনে দাঁড়িয়ে নীল প্যানেলে বিএনপি-সমর্থক আইনজীবীরা ও সাদা প্যানেলে আওয়ামী লীগ-সমর্থক আইনজীবীরা সাধারণ ভোটারদের হাতে কার্ড ও প্রার্থীতালিকা তুলে দেন। মাঝেমধ্যে তাঁরা ‘সাদা’ ও ‘নীল’ বলে স্লোগান দেন।নির্বাচন উপকমিটির আহ্বায়ক মো. হারুনর-রশিদ বুধবার প্রথম আলোকে জানান, সকাল ১০টায় ভোট গ্রহণের কথা ছিল। কিন্তু প্রস্তুতির জন্য ১১টা থেকে ভোট শুরু হয়। চারটি বুথে প্রথম দিন ৯৮২ জন ভোট দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ হবে। এরপর বিরতি দিয়ে ভোট গণনা শুরু হবে। প্রসঙ্গত, সমিতির ২০১১-২০১২ নির্বাচনে ১৪ পদের বিপরীতে ৩৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।