সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবনের চতুর্থ তলায় টিনশেড স্থাপনা নিয়ে আইনজীবীদের সঙ্গে রাজউকের ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বাগিবতণ্ডা হয়েছে। আইনজীবীদের আপত্তির মুখে একপর্যায়ে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার দুপুর ১২টার দিকে সমিতি ভবনের চতুর্থ তলায় রাজউকের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে যায়। এ খবর ছড়িয়ে পড়লে অর্ধশতাধিক আইনজীবী ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় তাঁদের মধ্যে বাগিবতণ্ডাও হয়। পরে সমিতির সভাপতি ও সম্পাদক আইনজীবীদের শান্ত করে ম্যাজিস্ট্রেটকে চলে যেতে বলেন। সাড়ে ১২টার দিকে ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা চলে যান। এ ব্যাপারে সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতি বা আইনজীবী সমিতির নেতাদের অনুমতি ছাড়া সুপ্রিম কোর্টে পুলিশ আসার ঘটনা নজিরবিহীন। অনুমতি ছাড়া একজন ম্যাজিস্ট্রেট বার ভবনের স্থাপনা উচ্ছেদ করতে এসেছেন। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে স্থাপনা ভাঙতে উচ্চ আদালতে পুলিশ আসারও কোনো দৃষ্টান্ত নেই। সুপ্রিম কোর্টের অনেক আইনজীবীর বসার স্থান নেই। সমিতির আগের একটি কমিটি ভবনের তিন তলার ছাদে অনেক দোকান তৈরি করেছিল। আমরা সেখানে আইনজীবীদের বসার জায়গা তৈরি করেছি, যার নির্মাণকাজ শেষ হয়েছে।’সমিতির সম্পাদক এম বদরুদ্দোজা জানান, আদালতের নির্দেশনা মেনেই সুপ্রিম কোর্ট বার নির্মাণকাজ বন্ধ রেখেছে।রাজউকের ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘স্থাপনা ভাঙার কোনো নির্দেশনা ছিল না। হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে স্থাপনার নির্মাণকাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী নির্মাণকাজ দেখতে ঘটনাস্থলে গিয়েছি। এ নিয়ে আইনজীবীরা আপত্তি জানালে আমরা চলে আসি।’