আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতনের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ১৬ বছরের এক কিশোরকে পুলিশের নির্দেশে গণপিটুনিতে হত্যাসহ দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অব্যাহত নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। একই সঙ্গে এসব নিষ্ঠুর ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জোটের নেতারা। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেনটিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধসহ ক্ষমতাসীন ব্যক্তিদের প্রভাবে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনেরও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জোটের সমন্বয়ক ও ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম। এতে বলা হয়, নোয়াখালীতে এক কিশোরকে হত্যা, আমিনবাজারে ছয় ছাত্রকে হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কাদেরের ওপর নির্যাতন, লিমনের ওপর নির্যাতন—এর প্রতিটি ঘটনাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা, তাদের উপস্থিতিতে বা তাদের নির্দেশে ঘটেছে। এর মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে রাষ্ট্রীয় অস্ত্রধারী বাহিনী এখন লাইসেন্সধারী হত্যাকারীতে পরিণত হয়েছে। প্রতিটি ঘটনার পরবর্তী সময়ে সরকারের দায়িত্বজ্ঞানহীন আচরণে মনে হয়, সাধারণের বেঁচে থাকার অধিকার এখন নিশ্চিহ্ন।