গুলিবিদ্ধ শাহ আলমকে দেখতে গিয়ে মিজানুর রহমান
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানসিক পরীক্ষা করতে হবে
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যাঁরা অস্ত্র বহন করেন, তাঁরা সে দায়িত্ব পালনে মানসিকভাবে সক্ষম এবং প্রস্তুত কি না, তা পরীক্ষা করে দেখতে হবে। মানসিক চাপের কারণে যদি তাঁদের দ্বারা নির্যাতনের ঘটনা ঘটে, তা দুঃখজনক হবে।
রাজধানীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন দুই পায়ে গুলিবিদ্ধ গাড়িচালক শাহ আলমকে গতকাল বৃহস্পতিবার দেখতে গিয়ে মিজানুর রহমান এসব কথা বলেন। তিনি দেখতে যাবেন বলে শাহ আলমের হাতকড়া খুলে দেওয়া হয় এবং তাঁকে জরুরি বিভাগের বিছানায় স্থানান্তর করা হয়।
ব্যক্তিগত শত্রুতার জেরে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন গত রোববার রাতে তালতলায় শাহ আলমকে গুলি করে সন্ত্রাসী সাজান বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় করা হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার এসআই আনোয়ারকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে শাহ আলমকে গুলি করার ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট।
গতকাল বেলা ১১টার দিকে পঙ্গু হাসপাতালে যান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। এর আগেই সকাল সাড়ে ১০টার দিকে শাহ আলমকে জরুরি বিভাগের একটি বিছানায় নিয়ে আসে হাসপাতাল কর্তৃপক্ষ। কিছুক্ষণ আগেও তাঁর দুই হাত হাতকড়া দিয়ে শয্যার রডের সঙ্গে বাঁধা ছিল, ছিল পুলিশের পাহারা। কাছে যেতে দেওয়া হয়নি মা মরিয়ম বেগমকেও। মরিয়ম বেগম অভিযোগ করেন, ছেলের কাছে যেতে চাইলে সকালে তাঁকে ধাক্কা দেন পাহারায় থাকা পুলিশ সদস্যরা। মাকে আসতে দিতে বলে পুলিশ সদস্যের চড় খান শাহ আলম।
মিজানুর রহমানের যাওয়া উপলক্ষে বদলে যায় পরিস্থিতি। জরুরি বিভাগে নেওয়ার পর শাহ আলমের হাতে আর হাতকড়া লাগানো হয়নি। মাকে ছেলের মাথার কাছে বসিয়ে ছবি তোলেন ফটোসাংবাদিকেরা। এসব ঘটনা মিজানুর রহমানকে জানান শাহ আলম ও তাঁর স্বজনেরা।
মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, ‘বছর দুয়েক আগে অনুরূপ ঘটনা ঘটেছিল কলেজছাত্র লিমনের সঙ্গে। মানবাধিকার কমিশন এবং অন্যান্য মানবাধিকার সংগঠনের আন্দোলন ও আপত্তিতে রাষ্ট্র বাধ্য হয়েছে ওই মামলা প্রত্যাহার করে নিতে। লিমনের মামলা প্রত্যাহার করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, এটা নিছক দুর্ঘটনা। নিছক দুর্ঘটনা বলে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। যে দুর্ঘটনার কারণে একজন নাগরিককে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে, তার ক্ষতিপূরণ রাষ্ট্রকে দিতে হবে।’
মিজানুর রহমান বলেন, সাধারণ নাগরিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশবিক, নির্মম আচরণের বেশ কিছু ঘটনা ঘটছে। তাঁরা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) যে ধরনের অপরাধ করছেন, তা একটি রাষ্ট্রের মানবাধিকার পরিস্থিতি নিম্নতম পর্যায়ে থাকলেও গ্রহণযোগ্য হতে পারে না।
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশ আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ লাভ করেছে। আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলে বসে মানবাধিকারের কথা বলব আর রাষ্ট্রীয়ভাবে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করব না, এমন দ্বিমুখী আচরণ গ্রহণযোগ্য হতে পারে না।’ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সবার প্রতি শাহ আলমের সঙ্গে হওয়া অন্যায় আচরণের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি বলেন, এখানে কোনো ধরনের ছলচাতুরী, কোনো ধরনের মিথ্যা, কোনো বানোয়াট খেলা মানবাধিকার কমিশন সহ্য করবে না।
শাহ আলমের চিকিৎসক সহযোগী অধ্যাপক গোলাম ফারুক জানান, ‘শাহ আলমের দুটি পা রক্ষা করা সম্ভব হবে বলে আশা করছি। তাঁর হাড়ে বড় মাত্রার কোনো চিড় নেই। কাছ থেকে গুলি করায় পায়ের মাংস ও চামড়া থেঁতলে গেছে।’
রোববার রাতে শাহ আলমকে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকা থেকে ধরে তালতলায় নিয়ে দুই পায়ে এসআই আনোয়ার গুলি করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় বুধবার শেরেবাংলা নগর থানায় হত্যাচেষ্টার অভিযোগে আনোয়ারের বিরুদ্ধে মামলা করেন শাহ আলমের ভাই গোলাম মোস্তফা। ওই মামলায় বুধবার গ্রেপ্তার আনোয়ারের দুই দিনের রিমান্ড গতকাল মঞ্জুর করেন আদালত। মামলাটি তদন্ত করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট: এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শাহ আলমকে গুলির ঘটনায় কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে ১৮ নভেম্বরের মধ্যে ডিএমপি কমিশনারকে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন।
আদালত ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও দিয়েছেন। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি), শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ওই এসআইকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘দুই পায়ে গুলি করে যুবককে সন্ত্রাসী সাজাল পুলিশ!’ শিরোনামে বুধবার প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়। এই প্রতিবেদন যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে ওই দিনই রিট করে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও অবন্তী নূরুল। সঙ্গে ছিলেন আইনজীবী সামিউল আলম সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. জাহাঙ্গীর আলম।
পরে অবন্তী নূরুল প্রথম আলোকে বলেন, শাহ আলমের চিকিৎসা নিশ্চিত করতে এবং চিকিৎসার খরচ বহন করতে নির্দেশ দেওয়া হয়েছে।
অস্ত্রটি এল কোথা থেকে: পুলিশের তেজগাঁও বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ব্যক্তিগত শত্রুতায় শাহ আলমকে গুলি করে এসআই আনোয়ার বন্দুকযুদ্ধের যে গল্প সাজিয়েছেন, তা তাঁরা নিশ্চিত হয়েছেন।
কথিত ওই বন্দুকযুদ্ধের ঘটনায় শেরেবাংলা নগর থানায় করা মামলায় এসআই আনোয়ার উল্লেখ করেন, ঘটনাস্থল থেকে তিনটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের শটগানের পাঁচটি গুলি খরচ হয়েছে।
প্রশ্ন উঠেছে, এসআই আনোয়ার ‘উদ্ধার হওয়া’ অস্ত্রটি কোথায় পেলেন। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়াহিদ আলম বলেন, অস্ত্রটির উৎস জানা যায়নি। তদন্ত চলছে।
অবশ্য এসআই আনোয়ারের সহকর্মীদের ধারণা, শাহ আলমকে ফাঁসাতে কোনো অস্ত্রধারীর কাছ থেকে তিনি অস্ত্রটি এনেছেন।