দেশে গত ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ও তাদের কথিত ‘ক্রসফায়ারে’ ৬৩ জন ব্যক্তি মারা গেছেন। বেসরকারি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এই সময়ে র্যাবের ‘ক্রসফায়ারে’ ৩০ জন, পুলিশের ‘ক্রসফায়ারে’ নয়জন, র্যাব ও পুলিশের যৌথ ক্রসফায়ারে একজন ও র্যাব ও কোস্টগার্ডের যৌথ ‘ক্রসফায়ারে’ একজন নিহত হন। পুলিশের নির্যাতনে আটজন ও পুলিশের গুলিতে ১৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া কারা হেফাজতে মারা গেছেন ৫০ জন। দেশের ১২টি জাতীয় দৈনিক পত্রিকায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত প্রকাশিত সংবাদের ভিত্তিতে আসক এই সংখ্যাগত প্রতিবেদন তৈরি করেছে। এতে বলা হয়, এই সময়ে অনেক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, নিখোঁজ হয়েছেন ৩৬ জন ব্যক্তি। এঁদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, র্যাব বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পূর্বেই এঁদের তুলে নিয়ে গেছে। আসকের প্রতিবেদনে বলা হয়, দেশে গত ছয় মাসে তিনজন সাংবাদিক খুন হয়েছেন। একজন কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন ২০১ জন সাংবাদিক। প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন ৪৩ জন।একই সময়কালে ৩০৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটে। এতে ৪১ জন নিহত ও পাঁচ হাজার ৩৭৫ জন আহত হন। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে ১৯ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছেন। নারীর প্রতি সহিংসতা: আসকের প্রতিবেদনে বলা হয়, যৌন নির্যাতনের শিকার হয়ে ১০ জন নারী আত্মহত্যা করেছেন। উত্ত্যক্তকারীদের হাতে খুন হয়েছেন তিনজন নারী। আর যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে বখাটের হাতে নিহত হন ছয়জন পুরুষ। আর সালিস ও ফতোয়ার মাধ্যমে নির্যাতিত হয়েছেন ১৯ জন নারী। এঁদের মধ্যে পাঁচজন পরে আত্মহত্যা করেছেন। একই সময়ে এসিড-সন্ত্রাসের শিকার হয়েছেন ৩১ জন নারী। ধর্ষণের শিকার হয়েছেন ৪৫৭ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫৯ জন নারীকে। ধর্ষণের পর আত্মহত্যা করেছেন পাঁচজন। যৌতুককে কেন্দ্র করে নির্যাতনের শিকার হয়েছেন ৩০০ জন নারী। বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন ৫৪ জন গৃহপরিচারিকা।