রাজধানীতে গতকাল বুধবার এক মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, আইনগত সহায়তা পাওয়া মানুষের অধিকার। আইনগত এই সহায়তা কার্যক্রম সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে হবে। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পাওয়া ব্যক্তির পুনর্বাসনে বেসরকারি সংস্থাগুলোর কাজ করার সুযোগ রয়েছে। পুনর্বাসনের বিষয়ে সরকারের পক্ষ থেকে বাজেটে বরাদ্দ রাখা বা একটি তহবিল গঠনের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
জাতীয় আইনগত সহায়তা দিবস, ২০১৭ উদ্যাপন উপলক্ষে ‘সুপ্রিম কোর্টে আইন সহায়তা কার্যক্রমের অভিজ্ঞতা ও বেসরকারি উন্নয়ন সংস্থার ভূমিকা’ শীর্ষক এই মতবিনিময় সভা হয় সুপ্রিম কোর্টের সম্মেলনকক্ষে।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি ওই মতবিনিময় সভার আয়োজন করে। অভিজ্ঞতা বর্ণনা করে কমিটির চেয়ারম্যান বিচারপতি এম. ইনায়েতুর রহিম বলেন, একজন ১৫ বছর ধরে কারাগারে আছে, সে মানসিকভাবে অপ্রকৃতিস্থ। এই ১৫ বছর পরে আত্মীয়স্বজন তাকে নিতে চাচ্ছেন না। তিনি মনে করেন, বেসরকারি সংস্থাগুলোর এ বিষয় নিয়ে (সামাজিক পুনর্বাসন) যথেষ্ট কাজ করার সুযোগ আছে। প্রচারণা বিষয়ে এত এনজিও আছে, তারা যদি কাল থেকে নিজেদের নেটওয়ার্কে সব জায়গায় বলে দেয় বাংলাদেশ সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি আইনগত সহায়তা দেয়, তাহলে এই বার্তা পৌঁছে যাবে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, আইনগত সহায়তা একটি অধিকার। এটি কারও বদান্যতা নয়। তিনি বলেন, সামনে বাজেট আসছে। এনজিওগুলো কাজ করে, তবে তাদের প্রজেক্ট শেষ হয়ে যায়। কারাগারে বন্দীদের রাখার জায়গা হচ্ছে না, পুনর্বাসনের ব্যবস্থা হচ্ছে না। দীর্ঘদিন পর কেউ বের হওয়ায় একধরনের নেতিবাচক ধারণা দেখা দেয়। এ ব্যাপারে সরকারের বাজেটে একটা বরাদ্দ থাকতে হবে। কেননা, এই সরকার সামাজিক নিরাপত্তার জন্য অনেক কাজ করেছে। এর সঙ্গে যদি এটিও যোগ করে, তাহলে সবাইকে সমন্বিত লিগ্যাল সার্ভিস দেওয়া যাবে।
মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, সচেতনতা বেড়েছে লিগ্যাল এইড নিয়ে। সচেতনতা আরও বাড়ানোর সুযোগ আছে। একজন মানুষ বিনা বিচারে ১৫ বছরে ধরে কারাগারে আছে বিশ্বাস হতে চায় না। যে ভুলের কারণে সে কারাগারে আছে, এর মাশুল কে দেবে—এটি একটি প্রশ্ন। এনজিওগুলো এগিয়ে আসতে পারে পুনর্বাসনের জন্য। এ জন্য একটি তহবিল অবশ্যই গঠন করা উচিত। তাদের টেকসই পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা বলেন, উদ্যোগ সম্পর্কে জানাতে প্রচারণায় মানবাধিকার সংস্থা কাজ করতে পারে। পুনর্বাসন আসলে তাদের অধিকার, এটি যাতে নিশ্চিত হয়। এ জন্য অর্থের ব্যবস্থা সরকারকে করতে হবে।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ভারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী, ব্রতী সমাজকল্যাণ সংস্থার প্রধান নির্বাহী শারমীন মুরশিদ, এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ, ওয়েভ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহসিন আলী আলোচনায় অংশ নেন।