আইনের প্রয়োগ ও সরকারি সেবার সমন্বয় বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিড নিক্ষেপের মতো ঘৃণ্য অপরাধ নির্মূলের জন্য দুটি আইনে কঠোর শাস্তির বিধান আছে। জাতীয় ও জেলা পর্যায়ে এসিড নিয়ন্ত্রণ কাউন্সিলও আছে। কিন্তু এসিড সহিসংতা বন্ধ হয়নি। এসিডে আক্রান্ত ব্যক্তিরা পুনর্বাসনেরও সুযোগ পাচ্ছেন না। তাই এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।গতকাল শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে সরকারি সেবা প্রদানকারী সংস্থার সঙ্গে এসিডে আক্রান্ত ব্যক্তিদের জাতীয় সম্মেলনে বক্তারা এ অভিমত দেন। তাঁরা আইনের প্রয়োগ নিশ্চিত করা এবং সরকারি সেবা কার্যক্রমের মধ্যে সমন্বয় বাড়ানোর সুপারিশ করেন।এসিড সারভাইভারস ফাউন্ডেশনের (এএসএফ) এ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ইফতেখারুজ্জামান। দিনব্যাপী সম্মেলনে তৃণমূল থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নীতিনির্ধারক ও সরকারি প্রতিনিধিরা এসিড-সন্ত্রাস প্রতিরোধ, এসিডদগ্ধদের পাশে দাঁড়ানোর জন্য অনেক অঙ্গীকার করেন। প্রশাসক, আইনজীবী, পুলিশ, চিকিৎসক, সমাজকর্মীসহ বিভিন্ন পেশা-শ্রেণীর প্রতিনিধিরা একে অপরের ওপর দোষও চাপান।সরকারি প্রতিনিধিদের কথা শুনতে শুনতে একসময় উত্তেজিত হয়ে পড়েন দিনাজপুরের এসিডদগ্ধ রূপজান। তিনি হঠাৎ মাইক কেড়ে নিয়ে বলেন, ‘এখানেই ভালো ভালো কথা বলতেছেন। বাইরে গেলেই আপনাদের সব কথা শ্যাষ হইয়া যায়।’ ঝড়ের বেগে কথাটা বলেই রূপজান আবার নিজের আসনে বসে পড়েন। তাঁর এ বক্তব্য যে সব এসিডদগ্ধ ও সমব্যথীদের মনের কথা, তা বোঝা যায় হাততালির শব্দে।আয়োজক এসিড সারভাইভারস ফাউন্ডেশনের পক্ষ থেকেও শুধু মৌখিক আশ্বাস না দিয়ে তা বাস্তবায়নের জন্য সরকারি প্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়।সম্মেলনের উদ্বোধনী পর্বে ভূমিমন্ত্রী রেজাউল করিম এসিডদগ্ধ ব্যক্তিদের জন্য হাসপাতালের জমি বরাদ্দের জন্য এএসএফের আবেদনের ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করার অঙ্গীকার করেন। বিশেষ অতিথি স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার বলেন, এসিড-সন্ত্রাসকে জঘন্য অপরাধ হিসেবে মানসিকভাবে গ্রহণ না করলে আক্রান্ত ব্যক্তিদের যথাযথভাবে সহযোগিতা করা সম্ভব হবে না। এএসএফের নির্বাহী পরিচালক মনিরা রহমান জানান, ২০০৩ সালের পর থেকে এসিড-সহিংসতার মাত্রা কমতে থাকলেও গত বছর সহিংসতা আবার বেড়েছে।সম্মেলনের এ পর্বে তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বার্ন বিশেষজ্ঞ এ জে এম সালেক ও এসিড-সন্ত্রাসের শিকার রুনা লায়লাও বক্তব্য দেন।মুক্ত আলোচনা পর্বে প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান অভিমত দেন স্থানীয় সরকারকে সম্পৃৃক্ত করতে না পারলে এসিড-সহিংসতা নিয়ন্ত্রণে টেকসই সুফল পাওয়া সম্ভব হবে না। তিনি জানান, প্রথম আলো এ পর্যন্ত ২৮০ জন এসিডদগ্ধ নারীকে পুনর্বাসনসহ বিভিন্ন সহায়তা দিয়েছে।সম্মেলনে এসিডদগ্ধ নারীরা আইনি সুফল না পাওয়াসহ বিভিন্ন ধরনের দুর্ভোগের কথা তুলে ধরেন। হাসিনা বলেন, এসিডদগ্ধ হওয়ার পর চার বছর আসামিদের ধরা সম্ভব হয়নি। কিন্তু ২০০৭ সালে প্রথম আলো পত্রিকায় প্রতিবেদন প্রকাশের পর ২৪ ঘণ্টার মধ্যে আসামি ধরা পড়ে। অর্থাৎ পুলিশ চাইলে সব কিছুই করতে পারে।সমাপনী অধিবেশনে এসিডদগ্ধ ব্যক্তিদের পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আরও সহায়তা দেওয়ার আশ্বাস দেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। এ পর্বে ডিএফআইডির বাংলাদেশ প্রতিনিধি ক্রিস অস্টিন বক্তব্য দেন।