আইনের সঙ্গে ন্যায়ের তুলনা করল বিতার্কিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন আছে কিন্তু কয়টা আইন মানা হয়। বরং নিত্যনতুন আইন তৈরি করে মানুষকে সেই নতুন আইন ভাঙতেই উত্সাহিত করা হয়। কেবল তা-ই নয়, রাষ্ট্রে যদি ন্যায়বিচার না থাকে, তবে কোনো আইনই ভুক্তভোগীদের স্বার্থে কাজে আসবে না। যত বেশি আইন তত কম ন্যায়। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ‘স্যান্ডালিনা-প্রথম আলো-ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা’য় সংসদীয় বিতর্কে সরকারি দলের বিতার্কিকেরা এভাবেই তাদের অবস্থান তুলে ধরে। অন্যদিকে বিরোধী দলের তার্কিকেরা বলেছে, আইন যদি না থাকে তবে কীভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে। ন্যায়ের জন্য প্রয়োজনে বিচারব্যবস্থায় নতুন আইন প্রণয়ন এবং সেই আইনের প্রয়োগ ঘটাতে হবে।গতকাল বুধবার প্রতিযোগিতায় কলেজ বিতর্কের কোয়ার্টার ফাইনালে বিষয় ছিল ‘যত বেশি আইন তত কম ন্যায়’। সরকারি দলের তার্কিকেরা তাদের যুক্তি দিয়ে বলেছে, আইন প্রণয়ন করলেই কেবল হবে না, সেই আইন রক্ষাও করতে হয়। অপরাধ নিয়ন্ত্রণ না করে কেবল আইন তৈরি করলে ন্যায় বাড়বে না। অপরদিকে বিষয়ের বিপক্ষে বিরোধী দল বলেছে, আইন না থাকলে কিংবা তৈরি না করলে ন্যায় প্রতিষ্ঠাকারী প্রতিষ্ঠানের কাছে নিয়ন্ত্রণ ক্ষমতা থাকে না। তখন জনগণের মধ্যে জিঘাংসাশক্তি জেগে ওঠে। ন্যায়ের পরিমাণ কমে যায়। সমাজে দেখা দেয় অস্থিরতা। উভয় পক্ষই সমর্থন করেছে, সর্বস্তরের মানুষ—সে যত বড় রাজনৈতিক নেতা কিংবা ধনীই হোক না কেন, তাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সমাজে ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।পঞ্চম শিশু, ১৫তম স্কুল, পঞ্চম কলেজ এবং ১৩তম আন্তক্লাব ‘স্যান্ডালিনা-প্রথম আলো-ভিকারুননিসা নূন ডিবেটিং ক্লাব বিতর্ক প্রতিযোগিতা’য় গতকাল অনুষ্ঠিত হলো স্কুল বিতর্কের কোয়ার্টার ফাইনাল এবং কলেজ বিতর্কের কোয়ার্টার ফাইনাল। দুই কোয়ার্টার ফাইনালেই বিতর্কের বিষয় ছিল, ‘প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্ব মূলত দর্শনের দ্বন্দ্ব’, ‘পুঁজিবাদ মূলত ভোগবাদ’ ও ‘যত বেশি আইন তত কম ন্যায়’। স্কুল বিতর্কের কোয়ার্টার ফাইনালের গতকালের বিজয়ী দল মতিঝিল আইডিয়াল ডিবেটিং ক্লাব—২ ও গ্রেগরিয়ান ডিবেটিং ক্লাব—জেরার্ড। কলেজ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় এনডিসি—অভিযাত্রী এবং ঢাকা কলেজ। এতে বিজয়ী দল ঢাকা কলেজ। আজ অনুষ্ঠিত হবে শিশু বিভাগের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল এবং কলেজ বিভাগের সেমিফাইনাল। প্রতিযোগিতায় সহযোগী হিসেবে রয়েছে এবিসি রেডিও।