আইবিএ ইনভাইটেশনাল বিতর্ক শুরু
আইবিএ ইনভাইটেশনাল ডিবেট-২০১২ শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) কমিউনিকেশন ক্লাবের আয়োজনে এই প্রতিযোগিতা ১ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এ প্রতিযোগিতার মূল সহযোগী মানুষের জন্য ফাইন্ডেশন ও কোটস বাংলাদেশ। এ ছাড়া সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয় পর্যায়ের সেরা বিতর্ক দলগুলো নিয়ে থাকছে বাংলা ও ইংরেজি বির্তকের আয়োজন। প্রথম দিনের বাংলা বিতর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ, বুয়েট ডিইউডিএস, জাহাঙ্গীরনগর আইবিএ, স্ট্যামফোর্ড ডিবেটিং ক্লাব, নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব, ইস্টার্ন ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব থেকে মোট ১৬টি দল অংশ নেয়। প্রথম দিনের প্র্রথম সেশনে বিতর্কের বিষয় ছিল ‘ফিলিস্তিনের আন্তর্জাতিক স্বীকৃতি, মধ্যপ্রাচ্য সংকট নিরসনের পথে অন্তরায়।’ দ্বিতীয় সেশনে ‘বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে তৃতীয় শক্তির প্রয়োজন কি না’ বিষয়ে বিতর্ক ও দিনের শেষ সেশনে বিতার্কিকেরা ‘গণমাধ্যমের দায়িত্বশীলতা আইনের মাধ্যমে নিয়ন্ত্রিত হওয়া উচিত কি না’—এ নিয়ে যুক্তির লড়াইয়ে মেতে ওঠেন। সংসদীয় ফরম্যাটের এই বিতর্কের তিন অধিবেশন শেষে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব ও জাহাঙ্গীরনগর আইবিএ সরাসরি সেমিফাইনালে এবং ডিইউডিএস অপরাজেয় বাংলা, ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব ও ডিইউডিএস স্বোপার্জিত স্বাধীনতা প্রি-সেমিফাইনালে উন্নীত হয়। ইংরেজি বিতর্ক শুরু হবে আগামী শুক্রবার। সব বিতর্ক ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে। ১১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফাইনাল বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।