আইসক্রিম কারখানা সিলগালা, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কাজলায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও দই তৈরির অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে ওই আদালত পরিচালনা করা হয়।বিএসটিআইয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়ানগর কাজলায় ভ্রাম্যমাণ আদালত সাথী আইসক্রিম নামের কারখানাটি সিলগালা করে দেন। কারখানায় লাইনের অবিশুদ্ধ পানির সঙ্গে নিম্নমানের ফ্লেভার, নিষিদ্ধ স্যাকারিন ও বার্লি ব্যবহার করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি করা হচ্ছিল। ওই কারখানার ভেতর বার্লির বস্তায় মরা তেলাপোকা এবং এক বস্তা খাদ্যে ব্যবহার-নিষিদ্ধ স্যাকারিন পাওয়া যায়। প্রতিষ্ঠানের মালিক বা ব্যবস্থাপক না থাকায় আদালত কর্মচারী মো. শহীদ মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং মালিক বাচ্চু মিয়ার বিরুদ্ধে মামলা করেন। এ ছাড়া কাজলার আসলাম সুইটমিটের মালিক আসলাম সরকারকে ২০ হাজার টাকা জরিমানা করেন আদালত। প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের অনুমোদন না নিয়ে দই উৎপাদন, সংরক্ষণ, বিক্রি ও বিতরণ করছিল।