আইসক্রিম কারখানার ক্যাশিয়ারকে গুলি করে দেড় লাখ টাকা ছিনতাই
রাজধানীতে আবারও ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার মধ্যরাতে শেরেবাংলা নগরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ছিনতাইকারীরা একটি আইসক্রিম কারখানার ক্যাশিয়ারকে গুলি করে দেড় লাখ টাকা নিয়ে গেছে। ক্যাশিয়ারের নাম আবু কাওছার (৩৫)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, ঈগলু আইসক্রিম কারখানার ক্যাশিয়ার কাওছার শেরেবাংলা নগরের বাণিজ্য মেলার দোকানে স্টলে বিক্রি হওয়া দেড় লাখ টাকা নিয়ে গাড়িতে তেজগাঁওয়ের সি আর দত্ত লেনে তাঁদের প্রধান কার্যালয়ে রওনা দেন। গাড়িটি শেরেবাংলা নগরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে পৌঁছালে পাঁচ ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে ও এর কাঁচ ভেঙে ফেলে। একপর্যায়ে ছিনতাইকারীরা কাওছারকে গুলি করে তাঁর কাছ থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় গাড়িচালক আবদুল কাইয়ুমকে মারধর করা হয়।এ ব্যাপারে যোগাযোগ করা হলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পরিচালক সাইফুল ইসলাম শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের মামলা করেন। ছিনতাই হওয়া টাকা উদ্ধার বা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা যায়নি। গণপিটুনি: গতকাল দুপুর দুটার দিকে গুলশান থানার অধীন নিকেতন এলাকায় দুই ছিনতাইকারী একটি বিস্কুট কারখানার দুটি ভ্যান ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় কারখানার কর্মীদের চিত্কারে আশপাশের লোকজন ছিনতাইকারী ফারুক ও নুরুল ইসলামকে আটক করে গণপিটুনি দেয়। পুলিশ খবর পেয়ে তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। চিকিত্সা দেওয়ার পর তাঁদের আবার থানায় নেয় পুলিশ।