আওয়ামী লীগ-বিএনপি জাতিকে হতাশ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষাসৈনিক আবদুল মতিন বলেছেন, অতীতের রাজনীতিতে আওয়ামী লীগ-বিএনপি দেশের মানুষের প্রত্যাশা মেটাতে পারেনি। গত দু-তিন সপ্তাহে তারা যা করেছে, তাতে জাতি হতাশ হয়েছে। দেশ এভাবে চললে তাদের ওপর মানুষের আস্থা কমে যাবে। গতকাল শনিবার প্রয়াত চারণসাংবাদিক ও ভাষাসৈনিক সফিউদ্দিন আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে সফিউদ্দিন আহমদের পরিবার অনুষ্ঠানটির আয়োজন করে। প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, মফস্বল সাংবাদিকদের কল্যাণে সফিউদ্দিন আহমদ যা করে গেছেন, তা অনুকরণীয় দৃষ্টান্ত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিচারপতি হাবিবুর রহমান খান, ভাষাসৈনিক রওশন আরা, সিতারা বাহার, চাষী নজরুল ইসলাম, মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন। মুক্তিযুদ্ধ ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে ১০ জনকে সফিউদ্দিন আহমদ সম্মাননা পদক দেওয়া হয়। তাঁরা হলেন আবদুল মতিন (ভাষা আন্দোলন), হাবিবুল্লাহ বাহার (ভাষা আন্দোলন-মরণোত্তর), হাসান শরীফ (ভাষা আন্দোলন-মরণোত্তর), সৈয়দ মোস্তফা জামাল (ভাষা আন্দোলন-মরণোত্তর), মোনাজাত উদ্দিন (সাংবাদিকতা-মরণোত্তর), সৈয়দ মতিউর রহমান (সাংবাদিকতা), রফিকুল ইসলাম (মুক্তিযুদ্ধ), মাহতাবউদ্দিন (সাংবাদিকতা), ছফিরউল্লা শিকদার (সাংবাদিকতা) ও চাষী নজরুল ইসলাম (মুক্তিযুদ্ধ)। এ ছাড়া মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য বিশেষ পদক দেওয়া হয় এটিএন বাংলার বার্তা বিভাগকে।