আকাশ চৌধুরীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ড কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র আকাশ চৌধুরীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন আকাশের চাচা আবদুল মান্নান। গতকাল রোববার কমলাপুর রেলওয়ে থানায় তিনি এই মামলা করেন। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তিনজনকে আটক করেছে। 

মামলার এজাহারে ছয়জনকে আসামি করা হয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের নাম প্রকাশ করা হলো না।আবদুল মান্নান বলেন, গত শনিবার দুপুরে সাতজন মিলে গাজীপুর থেকে ট্রেনে ঢাকায় আসে। বইমেলা থেকে কেনাকাটা সেরে তাদের একসঙ্গে ট্রেনে বাড়ি ফেরার কথা। ফিরতে দেরি হওয়ায় আকাশের বাবা-মা ছেলের ফোনে একাধিকবার ফোন করেন। যতবারই ফোন করেন, ততবারই অপর প্রান্ত থেকে ছেলের বন্ধুরা কথা বলে। তারা একেকবার একেক কথা বলে। কখনো বলে আকাশ টয়লেটে, কখনো বলে আকাশ একটু দূরে আছে। আবদুল মান্নানের অভিযোগ, আকাশের বন্ধুদের কথাবার্তা অসংলগ্ন ছিল। এ ছাড়া দুর্ঘটনার পরও বন্ধুরা আকাশকে নিয়ে হাসপাতালে যায়নি, কোনো খোঁজখবরও নেয়নি। এ থেকে তাঁরা ধারণা করছেন, হয়তো আকাশকে খুন করা হয়েছে। 

কী কারণে এই সন্দেহ—জানতে চাইলে আবদুল মান্নান বলেন, আকাশকে কয়েক দিন আগে একটি দামি মুঠোফোন কিনে দেওয়া হয়েছে। 

রেলওয়ে থানার ওসি ইয়াসীন ফারুক মজুমদার বলেন, কী কারণে আকাশের মৃত্যু হয়েছে, আটক তিনজন তা বলতে পারছে না। তারা বলে, মুঠোফোনটিতে তারা ভিডিও গেমস খেলছিল। একপর্যায়ে টয়লেটে যাওয়ার কথা বলে আকাশ উঠে যায়। এরপর তারা আর আকাশকে খুঁজে পায়নি।

শনিবার কমলাপুর থেকে ট্রেনে গাজীপুর যাওয়ার পথে তেজগাঁও রেলস্টেশন থেকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে আকাশকে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। আকাশের পকেটে একটি মানিব্যাগ ছিল। সেখান থেকে ফোন নম্বর পেয়ে তাঁরাই বাড়ির লোকজনকে খবর দেন। রেহানা বেগম ও আবুল হাশেম দম্পতির এই একটিই ছেলে।