আকাশভরা আলো, মনজুড়ে আনন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেউ সেজেছে বেগম রোকেয়া, কেউবা ব্যাটম্যান। বাদ পড়েনি পান্তাবুড়ি বা বারবি ডলও। গতকাল কিআর বর্ষপূর্তির অনুষ্ঠানের মঞ্চে এসেছিল তারা এমন অনেক সাজে l ছবি: প্রথম আলো
কেউ সেজেছে বেগম রোকেয়া, কেউবা ব্যাটম্যান। বাদ পড়েনি পান্তাবুড়ি বা বারবি ডলও। গতকাল কিআর বর্ষপূর্তির অনুষ্ঠানের মঞ্চে এসেছিল তারা এমন অনেক সাজে l ছবি: প্রথম আলো

কে বলেছে এভারেস্টের চূড়ায় উঠতে হলে নেপালে যেতেই হবে! ঢাকার মাঠেও দিব্যি এভারেস্ট জয় করা যায়। অন্তত গতকাল তো কত্ত জনে এভারেস্ট জয় করে ফেলল গান শোনা, নাচ দেখা, নাটক দেখার ফাঁকে ফাঁকে। বিশ্বাস হচ্ছে না? এতক্ষণে হয়তো ফেসবুকে সেই এভারেস্ট বিজয়ীদের অনেকের ছবিই ট্যাগ হয়ে গেছে। 

বক্তব্য দিচ্ছেন আবদুল্লাহ আবু সায়ীদ l ছবি: প্রথম আলো
বক্তব্য দিচ্ছেন আবদুল্লাহ আবু সায়ীদ l ছবি: প্রথম আলো

ছুটির দিনে গতকাল শুক্রবার রাজধানীর সেন্ট যোসেফ স্কুল মাঠে কিশোর আলোর প্রথম বর্ষপূর্তির দিনব্যাপী হরেক আয়োজনের মধ্যে এভারেস্টের চূড়ায় চড়ার ব্যবস্থাও ছিল।

শুভেচ্ছা জানালেন ইমনও
শুভেচ্ছা জানালেন ইমনও

‘কিআনন্দ’ নামের এই আয়োজন শুরু হয়েছিল শুক্রবার সকাল সাড়ে আটটায়। মাঠের তিন পাশ দিয়ে স্টলের সারি। কোনোটিতে শখের সংগ্রহের উপকরণ, কোনোটিতে বিজ্ঞানের মজার পরীক্ষা, কাগজ কেটে নানান জিনিস তৈরি করা, বাশাআপ, মাটির পাত্র রাঙানো, কার্টুন আঁকা, মুখোশ বানানো—এসব শেখানো হচ্ছিল স্টলগুলোয়। আর ছিল এভারেস্ট বিজয়ের ব্যবস্থা। যেনতেন লোক নয়, প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী খোদ মুসা ইব্রাহীম তদারক করে আগ্রহীদের তুলে দিচ্ছিলেন হিমালয়ের চূড়ায়। একদম সত্যি। একটি ঢালু, অপরটি নব্বই ডিগ্রি খাড়া—দুটি কাঠামো তৈরি করা হয়েছিল পাহাড়ের আদলে। একটির নাম আবার এভারেস্ট। দড়িদাড়া বেঁধে, তাতে চড়তে আগ্রহীদের অভাব ছিল না সেই সকাল থেকে সন্ধ্যা।
জমজমাট এই আনন্দযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। তিনি শিশু-কিশোরদের অনুপ্রেরণা দিয়ে বলেন, ‘মানুষের প্রথম জীবনে কষ্ট করতে হয়। তোমাদেরও কঠিন পরিশ্রম করতে হবে। তবেই জীবনের লক্ষ্য অর্জন করা যাবে। পুরস্কারের জন্য, প্রশংসার জন্য কাজ না করে, প্রতিটি কাজ মনের আনন্দে, ভালোবেসে করবে।’
সেন্ট যোসেফ স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন বলেন, এখন পরীক্ষা আর ক্লাসের মধ্যে শিশু-কিশোরদের শৈশব আটকে গেছে। কিশোর আলো তাদের মনন ও সৃজনশীলতা বিকাশের একটি সুযোগ করে দিয়েছে। এ জন্য তিনি কিশোর আলোকে ধন্যবাদ জানান। উদ্বোধনী পর্বে খুদে দাবাড়ু ফিদে মাস্টার ফাহাদ রহমান বলে, কিশোর আলো তার অনেক ভালো লাগে। নিয়মিত সে পত্রিকাটি পাড়ে।

দেশের কনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ কিআকে জানাল অভিনন্দন
দেশের কনিষ্ঠ ফিদে মাস্টার ফাহাদ কিআকে জানাল অভিনন্দন

কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, কিআ কেবল শিশু-কিশোরদের জন্যই নয়, মনে মনে যাঁরা এখনো কিশোর রয়ে গেছেন, তাঁদের সবার জন্যই। এ পর্বের সঞ্চালনা করেন কিআর নির্বাহী সম্পাদক সিমু নাসের। এরপর বেলুন উড়িয়ে উদ্বোধনী পর্ব। আর চমক ছিল তাতেও।

কনার ‘ধিন তানা’
কনার ‘ধিন তানা’

এত দিন তো প্রধান ও বিশেষ অতিথিরা গ্যাসভরা বেলুনগুচ্ছ ছেড়ে দিলে তা বিজ্ঞানের নিয়মে ওপরের দিকেই উড়ে গেছে। গতকালও তাই হলো বটে, তবে মাধ্যাকর্ষণ শক্তি বলেও যে একটি শক্তি আছে, তা টের পাওয়া গেল উড়ন্ত বেলুনগুচ্ছ থেকে ঝরঝর করে চকলেট বৃষ্টিপাত হওয়ায়। জাদু নয়, চকলেটগুলো সত্যিকারের। আর তা কুড়িয়ে নিতে ভুল হয়নি কারও।
এরপর মঞ্চের অনুষ্ঠান শুরু। কবিগুরুর রক্তকরবী নাটকের অংশবিশেষ পরিবেশন করে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা। কিশোর আলো আগ্রহী পাঠকদের নিয়ে প্রতি মাসেই একটি সভা করে। সেই সভায় কী হয়, তা নিয়ে ছোট্ট একটি নাটক পরিবেশন করে কিআর স্বেচ্ছাসেবকেরা। ওদিকে আবার শুরু হয়েছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ‘আমার স্বপ্ন’ ও ‘আমার শহর’ আঁকতে বোর্ড ও রঙের বাক্স নিয়ে ছুটল খুদে আঁকিয়ের দল। এরই মধ্যে ঝলমলে রোদ ছড়িয়ে দিয়েছে হেমন্তের সূর্য। মাঠ ভরে উঠেছে আলোয় আর মন ভরে গেছে আনন্দে।
এমন সময় এলেন মুহম্মদ জাফর ইকবাল, ফরিদুর রেজা সাগর, আফজাল হোসেন। তাঁদের সঙ্গে আমীরুল ইসলাম, রোমেন রায়হান, তানজিনা হোসেন, মশিউল আলমকে মঞ্চে ডাকেন সঞ্চালক প্রথম আলোর ফিচার সম্পাদক সুমনা শারমীন।

শুভেচ্ছা জানাতে এলেন মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, শিনা চৌহানসহ পিঁপড়াবিদ্যা ছবির প্রায় পুরো ইউনিট
শুভেচ্ছা জানাতে এলেন মোস্তফা সরয়ার ফারুকী, তিশা, শিনা চৌহানসহ পিঁপড়াবিদ্যা ছবির প্রায় পুরো ইউনিট

প্রিয় জাফর ইকবাল স্যার তাদের বলেন, টিভি আর ফেসবুকে সময় কম দিয়ে বেশি বেশি করে বই পড়তে হবে, লিখতে হবে। দেশকে সুন্দর করে গড়ে তুলতে হলে নিজেদেরও সুন্দর করে গড়ে তুলতে হবে। এরপর মঞ্চে আসেন সৈয়দ আল ফারুক, মুসা ইব্রাহীম ও অভিনেতা মিশু।
শুভেচ্ছা পর্বের পর আবার সাংস্কৃতিক পর্ব। নৃত্য পরিবেশন করে খুদে নাচের শিল্পী সুমাইয়া। ব্যান্ডদল শিরোনামহীন ও পূজা গান গেয়ে শোনান। শুভেচ্ছা জানান চিত্রনায়ক ফেরদৌস। মধ্যাহ্নের বিরতির ফাঁকে মাঠে হয়ে গেল এক তরফ মোরগ লড়াই আর মোহাম্মদপুর স্টান্ট ভাইপার্স দলের সদস্যদের সাইকেল নিয়ে চমকপ্রদ কারিকুরি।

শুভ গাইল ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’
শুভ গাইল ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’

বিরতির পর চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের নাম ঘোষণা করেন শিল্পী কাইয়ুম চৌধুরী। সঙ্গে ছিলেন শিল্পী আবুল বারক আলভী, ওয়াকিলুর রহমান, অভিনেতা ইমন, নিত্য উপহারের বাহার রহমান ও শিল্পী অশোক কর্মকার। প্রাচ্যনাট পরিবেশন করে কিশোর আলোর স্বপ্নের গল্প লেখা প্রতিযোগিতার এক বিজয়ী তনিমা ইসলামের বৈজ্ঞানিক কল্পকাহিনি অবলম্বনে নাটক আমার স্বপ্নের বাংলদেশ। ম্যাজিক দেখিয়ে তাক লগিয়ে দেন জাদুকর রাজীব বসাক।
আচমকা ঘোষণা এল ‘এবার উল্টো দিকে ঘুরে মাঠের দিকে তাকাও।’ ঘুরে বসতে যা দেরি, তার আগেই মাঠের মধ্যে যেখানে কিশোর আলোর প্রচ্ছদগুলো দিয়ে

সস্ত্রীক ফেরদৌস জানালেন শুভেচ্ছা
সস্ত্রীক ফেরদৌস জানালেন শুভেচ্ছা

চমৎকার এক স্থাপনা তৈরি করা হয়েছিল, তার পাশেই শুরু হয়ে গেল ‘চার ছক্কা হই হই’ গানের সঙ্গে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের ফ্ল্যাশ মব। মুহূর্তে সেখানে তাদের ঘিরে বিশাল জটলা। চমকের বাকি ছিল আরও। ফ্ল্যাশ মব শেষে হতে না হতেই মাঠের আরেক প্রান্ত থেকে সাঁ সাঁ করে উড়ে গেল পরপর তিনখানা জল রকেট।
এরপর শুভেচ্ছা জানাতে মঞ্চে আসেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার এবং সিনেমা ও গানের জগতের তারকারা। ঘোষণা করা হয় যেমন খুশি তেমন সাজো এবং পোষা প্রাণীর প্রদর্শন প্রতিযোগিতার বিজয়ীদের নাম।
অনুষ্ঠান যখন শেষ হয়, তখন ঢাকার আকাশ থেকে ধীরে ধীরে মুছে যাচ্ছে দিনের শেষ আলোর রেশ। তবে অপার আনন্দের রেশ ছড়িয়ে গেছে মাঠভরা ছোট-বড় শ্রোতার প্রাণে। সেই আনন্দের রেশ নিয়েই ঘরে ফেরার পথ ধরেছিল তারা।