আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্তদের জাতীয় বীর ঘোষণার দাবি
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী মরহুম ফ্লাইট সার্জেন্ট ফজলুল হকসহ আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযুক্ত ৩৫ জনের প্রত্যেককে জাতীয় বীর ঘোষণার দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁদের নামে আলাদাভাবে সড়ক বা প্রতিষ্ঠানের নামকরণের জন্য জনমত গড়ে তুলতে এবং সংসদে বিল উত্থাপনের জন্য সংশ্লিষ্ট সাংসদদের আহ্বান জানিয়েছেন।তিনি গতকাল শনিবার সাবেক সামরিক কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড আয়োজিত ফ্লাইট সার্জেন্ট ফজলুল হকের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতা দেওয়ার সময় তিনি এ আহ্বান জানান। শওকত আলী বলেন, ‘ফ্লাইট সার্জেন্ট ফজলুল হক আমার চেয়ে ১১ বছরের ছোট হলেও আমি তাঁর সহযোদ্ধা ও বন্ধু ছিলাম। আমার সঙ্গে তাঁর চিন্তা-চেতনা ও মনের মিল ছিল। তিনি ছিলেন নির্লোভ, নিরহংকারী ও সদালাপী। এমন সত্, ভদ্র ও অমায়িক মানুষ খুবই কম দেখা যায়। তিনি কঠোর পরিশ্রম করে দায়িত্ব পালন করতেন। কী পেলাম আর কী পেলাম না, এ নিয়ে একটি কথাও বলেননি। অনুষ্ঠানে শওকত আলী আগরতলা মামলার ৮নং অভিযুক্ত আসামি ফ্লাইট কর্পোরাল এ বি এম আবদুস সামাদকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন।মো. সফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য দেন সিরাজ উদ্দীন আহমেদ, কে এম সাইফুদ্দিন আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি।