আগস্টজুড়ে বিনা মূল্যে নভোথিয়েটারে চলচ্চিত্র প্রদর্শন
ঢাকার বিজয় সরণির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে আগস্ট মাসজুড়ে শিক্ষার্থীদের জন্য বিনা মূল্যে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের ওপর তৈরি করা চলচ্চিত্র ও মহাকাশবিষয়ক প্রদর্শনী দেখানো হবে। দোতলা বাসে করে ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আনা-নেওয়া করা হবে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ধানমন্ডির বিসিএসআইআর উচ্চবিদ্যালয় ও শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রদর্শনী দেখতে আসবে। এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। এতে উপস্থিত থাকবেন নভোথিয়েটারের মহাপরিচালক আবুল বাশার মো. জহুরুল ইসলাম।
নভোথিয়েটারের উপপরিচালক নায়মা ইয়াসমীন প্রথম আলোকে বলেন, এই চলচ্চিত্র দেখতে ১০০ টাকার টিকিট কাটা লাগত। আগস্ট মাসজুড়ে তা বিনা মূল্যে দেখানো হবে। নভোথিয়েটারের পক্ষ থেকে একটি দোতলা বাসে করে ছাত্রছাত্রীদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আনা-নেওয়া করা হবে। প্রদর্শনী দেখার জন্য বুকিং নিতে নগরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে নভোথিয়েটার কর্তৃপক্ষ।