আগস্টে ছাত্র-শিক্ষক নির্যাতনকারীদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ২৩ আগস্ট রোববার কালো দিবস পালন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিভিন্ন ছাত্র সংগঠন ও শিক্ষকেরাও পৃথক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করবেন। ২০০৭ সালের আগস্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের নির্যাতনের ঘটনার প্রতিবাদে দিনটি পালন করা হবে। এ উপলক্ষে আজ বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিত থাকবে। এ ছাড়া দিবসটি উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের কালো ব্যাজ ধারণ ও বেলা ১১টায় টিএসসিতে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আগস্টের ওই ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন গতকাল রোববার প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। ছাত্র ইউনিয়ন: গতকাল দুপুর ১২টায় শিক্ষাঙ্গনে পূর্ণ স্বায়ত্তশাসন ও গণতান্ত্রিক অধিকার নিশ্চত করার দাবিতে ছাত্র ইউনিয়ন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মধুর ক্যানটিন থেকে মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, শিক্ষাঙ্গনে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার জন্যই মূলত আগস্টের বিদ্রোহ হয়েছিল। কিন্তু আজও ন্যায্য দাবিতে আন্দোলন করলে শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন চালায় তথাকথিত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর সর্বশেষ উদাহরণ। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মানবেন্দ্র দেব ও সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ।ছাত্রফ্রন্টের নেতাকর্মীরাও গতকাল দুপুরে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ফখরুদ্দিন কবির আতিক ও সদস্য মলয় সরকার। সমাবেশে তাঁরা বলেন, আগস্টের বিক্ষেভ ছিল স্বৈরাচারী শাসন-শোষণের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রাম। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে এ দেশের ছাত্রসমাজ স্বৈরাচারী অগণতান্ত্রিক শাসন মানে না। এ ছাড়াও দোষীদের বিচারের দাবিতে ছাত্র ফেডারেশন বিক্ষোভ মিছিল এবং ছাত্রলীগ (ত-সা) ক্যম্পাসে মৌন মিছিল করে।