ঢাকা মহানগরে খুন-ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ আগের চেয়ে কমেছে। অন্যদিকে মাদকদ্রব্য উদ্ধারের ঘটনাও কমে গেছে। রাজধানীর অপরাধ পরিস্থিতি নিয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক এ তথ্য দেন। তিনি বলেন, রমজান মাসে বিপণিবিতান ও সড়কের নিরাপত্তা দিতে গিয়ে মাদকদ্রব্য উদ্ধারে পুলিশ বেশি মনোযোগ দিতে পারেনি।গতকাল বৃহস্পতিবার পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয় মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ে। এতে মহানগরের সব বিভাগের উপ কমিশনার, সব অঞ্চলের সহকারী কমিশনার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জুলাই ও আগস্ট মাসের অপরাধ পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। সভার মাঝে সংবাদ সম্মেলনে রাজধানীর অপরাধের বিভিন্ন চিত্র তুলে ধরেন কমিশনার।কমিশনার জানান, আগস্ট মাসে রাজধানীতে তিনটি ডাকাতি, ২১টি দস্যুতা, ১৭টি খুন ও আটটি ধর্ষণের মামলা হয়েছে। খুনের মধ্যে পূর্বশত্রুতার জের হিসেবে পাঁচজন, ধারালো অস্ত্রের আঘাতে ছয়জন, গুলিতে দুইজন, অনৈতিক সম্পর্কের কারণে একজন, পারিবারিক কলহসহ বিভিন্ন ঘটনায় আরও তিনজন খুন হয়েছে। আগস্ট মাসে সন্ত্রাসীর হাতে পুলিশের এক সদস্য খুন হয়েছেন। এ ছাড়া একটি এসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে ও ছয়জন অজ্ঞান পার্টির শিকার হয়েছেন। কমিশনার বলেন, আগস্ট মাসে অপরাধ জুলাই মাসের চেয়ে সংখ্যায় ১২৩টি কম ছিল। গত বছরের আগস্টের চেয়ে কম ছিল ১৩৯টি। কমিশনার আরও জানান, এ সময় নয়জন তালিকাভুক্ত সন্ত্রাসী, ২২ জন খুনের মামলার আসামি, ১৭ জন ডাকাত, ৪১ জন অস্ত্রধারী, আটজন চাঁদাবাজ, ৪৪ জন ছিনতাইকারী ও ৭০৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশ ২৮টি চুরি যাওয়া গাড়ি উদ্ধার করেছে। গত মাসে পুলিশের কাছে গাড়ি চুরির অভিযোগ ছিল ৫২টি। এ ছাড়া এক মাসে মাদক আইনে ৫৮০টি মামলা হয়।কমিশনার জানান, এবার রমজান মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল খুব ভালো। পুলিশ আগে থেকেই প্রায় সব স্থানে নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করে। এ জন্য রমজান মাসে কোনো সহিংস ঘটনা ছিল না। মানুষ শান্তিপূর্ণভাবে কেনাটাকা করে ঘরে ফিরেছে। তিনি আরও জানান, গণমাধ্যম এ জন্য পুলিশের প্রশংসা করেছে।