আগা খান স্কুল বন্ধ হয়ে হবে একাডেমি, অভিভাবকদের উদ্বেগ
রাজধানীর উত্তরায় অবস্থিত আগা খান স্কুলটি বন্ধ করে বসুন্ধরা আবাসিক এলাকায় ‘আগা খান একাডেমি’ চালু করতে যাচ্ছে আগা খান এডুকেশন সার্ভিস কর্তৃপক্ষ। শিক্ষাপ্রতিষ্ঠানটিতে উত্তরার স্কুলের বিদ্যমান শিক্ষাক্রমের পরিবর্তে শুধুই ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট (আইবি) শিক্ষাক্রমে পড়াশোনা করানো হবে।
এ নিয়ে উত্তরায় অবস্থিত আগা খান স্কুলের অনেক শিক্ষার্থীর অভিভাবকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাঁরা বলছেন, এ সিদ্ধান্তে তাঁদের সন্তানদের পড়াশোনার যেমন খরচ অনেক বেড়ে যাবে, তেমনি নতুন শিক্ষাক্রম হলে দেশে উচ্চশিক্ষায় পড়াশোনা করতেও তাঁদের সন্তানেরা সমস্যায় পড়বে। কারণ আইবি শিক্ষাক্রমে যে ডিগ্রি দেওয়া হয়, তা এ দেশের খুব কম বিশ্ববিদ্যালয়েই গ্রহণ করা হয়। এ ছাড়া নতুন প্রতিষ্ঠানটিতে আগা খান স্কুলের সব শিক্ষার্থীকে ভর্তি করা যাবে কি না, সেটি নিয়েও তাদের মধ্যে উদ্বেগ আছে। এ জন্য অভিভাবকেরা উত্তরায় অবস্থিত স্কুলটি বন্ধ না করে আলাদাভাবে রাখা এবং বর্তমান শিক্ষাক্রম (কেমব্রিজ ও আইবির মধ্যে যার যেটা পছন্দ সেটা নেওয়ার সুযোগ) অব্যাহত রাখার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষামন্ত্রী দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের কাছে আবেদন করেছেন।
এ বিষয়ে বক্তব্য জানার জন্য আগা খান এডুকেশন সার্ভিস, বাংলাদেশ কর্তৃপক্ষের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে প্রথম আলোর। অভিভাবকদের আবেদনের বিষয়বস্তু নিয়ে তাৎক্ষণিকভাবে প্রথম আলোর প্রশ্নের জবাবে একটি ব্যাখ্যাও (ই–মেইল) দিয়েছেন আগা খান এডুকেশন সার্ভিস, বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সালিমাহ কাশেম। কর্মকর্তাদের বক্তব্য ও ব্যাখ্যার মূল কথা হলো, অভিভাবকদের পক্ষ থেকে যেসব বলা হচ্ছে তার সব ঠিক নয়। কারণ, ‘আগা খান একাডেমির ‘টিউশন ফি এখনো চূড়ান্তভাবে ঘোষণাই করা হয়নি। অভিভাবকদের সঙ্গে চলমান আলোচনা-পরামর্শ শেষ হওয়ার পর আগা খান স্কুল থেকে স্থানান্তরিত শিক্ষার্থীদের ফি ঠিক করা হবে। সব শিক্ষার্থীকে আগা খান একাডেমিতে ভর্তি করানো যাবে না বলে যে কথা বলা হচ্ছে, তা–ও সঠিক নয়। আগা খান স্কুলের শিক্ষার্থীদের যারাই আগা খান একাডেমিতে স্থানান্তর ও ভর্তি হতে চাইবে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সেই সুযোগ দেওয়া হবে। পাশাপাশি আর্থিক সহায়তার সুযোগও আছে।’
আইবি শিক্ষাক্রমের বিষয়ে অভিভাবকেরা যে কথা বলছেন, তা–ও পুরোপুরি ঠিক নয় বলে জানিয়েছে আগা খান কর্তৃপক্ষ। বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম উল্লেখ করে কর্তৃপক্ষ বলেছে, সেখানে আইবি শিক্ষাক্রমকে গ্রহণ করা হচ্ছে। সমতা সনদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায়ও অংশগ্রহণের সুযোগ আছে। আবার উত্তরার আগা খান স্কুলে এখনো আইবি শিক্ষাক্রমেরও সুযোগ আছে। তারপরও এ নিয়ে অভিভাবকদের সঙ্গে তাঁদের আলাপ-আলোচনা চলছে।
শিক্ষামন্ত্রী এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কাছে করা আবেদনে অভিভাবকেরা জানিয়েছেন, দীর্ঘ ৩৩ বছর ধরে উত্তরা ৪ নম্বর সেক্টরে আগা খান স্কুলটি পরিচালিত হচ্ছে। বর্তমানে প্রায় এক হাজার শিক্ষার্থী এখানে পড়ছে। কিন্তু আগা খান স্কুল ঢাকার মূল সংস্থা আগা খান এডুকেশন সার্ভিসের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গত ১৬ জুন এক অনলাইন সভার মাধ্যমে এবং এরপর ই-মেইলের মাধ্যমে আগামী বছর থেকে দুই ধাপে (২০২২ ও ২০২৩ সাল) স্কুলটি বন্ধ ঘোষণা করা হবে জানায়। একই সঙ্গে কর্তৃপক্ষ আশ্বাস দেয়, নির্মাণাধীন আগা খান একাডেমিতে শিক্ষার্থীদের স্থানান্তরের সুযোগ আছে এবং সেখানে নতুন করে ভর্তি হতে হবে। তবে তাঁদের ধারণা দেওয়া হয়েছে, যেহেতু আবাসিক সুবিধা থাকা আগা খান একাডেমি একটি আন্তর্জাতিক মানের শিক্ষাপ্রতিষ্ঠান হতে যাচ্ছে, তাই এর বেতন হবে বর্তমান স্কুলের বেতনের চেয়ে তিন থেকে চার গুণ। বর্তমান স্কুলে শ্রেণিভেদে শিক্ষার্থীদের টিউশন ফি ২১ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে।
অভিভাবকেরা বলছেন, প্রথমত এই বিপুল ব্যয় সংকুলান করা অভিভাবকদের পক্ষে সম্ভব নয়। দ্বিতীয়ত আইবি শিক্ষাক্রমে কলেজ শেষ করে শিক্ষার্থীরা যে ডিগ্রি পাবে, তা দেশের খুব কম বিশ্ববিদ্যালয়ে স্বীকৃত। তাঁদের দাবি, দুটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এ সুযোগ আছে। এর ফলে শিক্ষার্থীরা দেশের অধিকাংশ উচ্চশিক্ষায় পড়ার সুযোগ পাবে না বলে অভিভাবকদের আশঙ্কা। এ জন্য বেশির ভাগকে বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়তে যেতে হবে, যা অনেক অভিভাবকের সামর্থ্যের বাইরে।
উত্তরায় অবস্থিত আগা খান স্কুলের অভিভাবক সুজাউল ইসলাম খান প্রথম আলোকে বলেন, তাঁদের বড় অংশই আইবি শিক্ষাক্রমে যেতে চান না। তাঁদের চাওয়া হলো উত্তরার স্কুলটিও যেন আলাদাভাবে থাকে, যেখানে কেমব্রিজ ও আইবি শিক্ষাক্রমের মধ্যে যার যেটা পছন্দ, সেই শিক্ষাক্রমে পড়ার সুযোগ পায়। আর নিতান্তই যদি উত্তরার স্কুলটি বন্ধ করতে হয়, তাহলে নতুন একাডেমিতেও যেন এ দুই ধরনের শিক্ষাক্রমে পড়ার সুযোগ থাকে। তবে অতিরিক্ত খরচ যেন না হয়।