আইন অনুযায়ী জন্ম ও মৃত্যুনিবন্ধন সবার জন্য বাধ্যতামূলক। জন্মের ৪৫ দিনের মধ্যে শিশুর অভিভাবক জন্মসংক্রান্ত তথ্য নিবন্ধকের কাছে দিতে বাধ্য। তবে বাস্তবতা হচ্ছে, সেই শিশুর যখন স্কুলে ভর্তির সময় হয়, তখনই অভিভাবকেরা তড়িঘড়ি করে জন্মনিবন্ধন করান।সরকারি হিসাবে দেশের ৫৫টি জেলা এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ কার্যক্রমের আওতায় এসেছে। ২০১৩ সালের জুনের মধ্যে দেশের সব জন্মনিবন্ধন তথ্য অনলাইনে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। ২০০৪ সালে জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন করে সরকার। আইনটি কার্যকর হয় ২০০৬ সালের জুলাই থেকে। আইন অনুযায়ী, কেউ মারা গেলে মৃত্যুর ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্টরা তথ্য জানাতে বাধ্য। এ ক্ষেত্রে কোনো ফি লাগবে না। আর নির্দিষ্ট সময়ের মধ্যে জন্মনিবন্ধন করে না থাকলে ১৮ বছরের কম বয়সীরা বিনা মূল্যে এবং ১৮ বছরের বেশি বয়সীরা ৫০ টাকা ফি দিয়ে নিবন্ধন করানোর সুযোগ পাচ্ছেন। স্থানীয় সরকার বিভাগের অধীনে জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পে ২০০১ সাল থেকে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) সহায়তা করছে। প্রকল্পের পরিচালক আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী প্রথম আলোকে বলেন, ব্যক্তির ক্ষেত্রে তার পরিচিতি ও বয়স নির্ধারণ এবং রাষ্ট্রের ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণের জন্য জন্মনিবন্ধন জরুরি। জন্ম ও মৃত্যুনিবন্ধনের মাধ্যমে দেশের প্রকৃত জনসংখ্যা কত, তা জানা সম্ভব। প্রকল্পের দেওয়া হিসাব অনুযায়ী, গত মার্চ পর্যন্ত সারা দেশে ১৪ কোটি ৯৩ লাখ ১৬ হাজার ৯৯৭ জন জন্মনিবন্ধনের আওতায় এসেছে। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে নতুন ও পুরোনো মিলে গতকাল সন্ধ্যা পর্যন্ত চার কোটি ৪১ লাখ ২৫ হাজার জনের জন্মনিবন্ধন তথ্য সংরক্ষণ করা সম্ভব হয়েছে। ২০১০ সালের অক্টোবর মাস থেকে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে।জন্মনিবন্ধনের গুরুত্ব: নাগরিকত্ব ও জাতীয়তার অধিকার নিশ্চিত করা, বাল্যবিবাহ ও পাচার প্রতিরোধ, শিশুর বিভিন্ন অধিকার সংরক্ষণ, শিশুশ্রম বন্ধ করা এবং কোনো অপরাধের ক্ষেত্রে সেই ব্যক্তি শিশু কি না—এসব নির্ণয় করতে জন্মসনদ জরুরি। জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন অনুযায়ী, মোট ১৬টি সেবা পাওয়ার ক্ষেত্রে এ সনদ জরুরি। এগুলোর মধ্যে রয়েছে: পাসপোর্ট, বিয়ে নিবন্ধন, ভর্তি, নিয়োগ, ড্রাইভিং লাইসেন্স, ভোটার তালিকা তৈরি, ব্যাংক হিসাব খোলা, আমদানি ও রপ্তানি লাইসেন্স পাওয়া প্রভৃতি। তবে স্কুলে ভর্তিসহ দু-একটি সেবা পেতে এ সনদ বা সনদের সত্যায়িত অনুলিপি জমা দেওয়া বাধ্যতামূলক করা হলেও বেশির ভাগ সেবা পাওয়ার ক্ষেত্রে সনদের ব্যবহার তেমন একটা দেখা যায় না। শিক্ষিত অনেকের ধারণা, ভোটার আইডি কার্ড বা এসএসসি পাসের সনদ থাকলে জন্মনিবন্ধনের প্রয়োজন নেই। কেউ কেউ মনে করেন, জন্মনিবন্ধন শুধু শিশুদের করতে হবে। অন্যদিকে কেউ বাধ্য না হলে জন্ম বা মৃত্যুনিবন্ধন করছেন না।আজ জন্মনিবন্ধন দিবস: আজ মঙ্গলবার দেশে পালিত হবে জন্মনিবন্ধন দিবস। জন্মনিবন্ধনের জন্য সবার মধ্যে সচেতনতা বাড়াতে দেশে প্রথমবারের মতো ২০০৭ সালে জন্মনিবন্ধন দিবস পালন করা হয়। ‘শিশু অধিকার করতে সুরক্ষণ—৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন’ প্রতিপাদ্য সামনে রেখে এবার দিবসটি পালিত হচ্ছে।দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি জিল্লুর রহমান এক বাণীতে বলেন, ‘সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দেশের প্রত্যেক পিতা-মাতা ও অভিভাবক তাদের নবজাতক সন্তানদের নিবন্ধন করিয়ে এই কার্যক্রম শতভাগ সফল করবেন, এ প্রত্যাশা করি।’প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, ‘আশা করি, সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী ২০১৩ সালের জুন মাসের মধ্যে আমরা দেশের সকল জন্মনিবন্ধন তথ্য অনলাইনভুক্ত করতে সক্ষম হব।’