আগামী বছরের শুরুতেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেইনবো চলচ্চিত্র সংসদের উদ্যোগে আগামী ২০১২ সালের শুরুতেই অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বর্তমানে চলছে উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি। উৎসব উপলক্ষে গতকাল বুধবার রাজধানীর ঢাকা ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উৎসব পরিচালক আহমেদ মুজতবার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উৎসব কমিটির চেয়ারম্যান সৈয়দ মার্গুব মোর্শেদ, হায়দার রিজভী, সৈয়দ সাজিদুর রহমান, আজিজুর রহমান, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাস চৌধুরী প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী বছর ১২ জানুয়ারি থেকে উৎসব শুরু হবে। এতে বাংলাদেশসহ ৫৫টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে। মোট ১১টি এসব চলচ্চিত্র দেখানো হবে। এ ছাড়া চলচ্চিত্রবিষয়ক একাধিক সেমিনারও অনুষ্ঠিত হবে। দ্বাদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনে বিভিন্নভাবে সহযোগিতা করছে চ্যানেল আই, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, মাছরাঙা প্রোডাকশনস, ঢাকা ক্লাব, আলিয়ঁস ফ্রঁসেজ, ঢাকার সুইস দূতাবাস, সিগনিস ও আমস্টারডাম ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভ্যাল।