স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, হাতে লেখা জন্ম সনদ বিদ্যমান থাকায় কিছু সুযোগসন্ধানী ক্ষমতার অপব্যবহার করছে। আগামী বছরের ১ জুলাই থেকে জন্মসংক্রান্ত সব তথ্য কম্পিউটারাইজড করা হবে।গতকাল জাতীয় জন্মনিবন্ধন দিবস উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজধানীর অফিসার্স ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দিবসের উদ্বোধন ঘোষণা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।প্রতিমন্ত্রী বলেন, ওয়েবসাইটের মাধ্যমে জন্মনিবন্ধন-সংক্রান্ত একটি সমৃদ্ধ তথ্যভান্ডার গড়ে তোলা সম্ভব হলে প্রজন্মের পর প্রজন্ম পর্যন্ত মানুষের বংশতালিকা ও সঠিক পরিচয় সংরক্ষণ করা সম্ভব হবে।অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহিদ খান সভাপতিত্ব করেন। আলোচনা করেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল ইসলাম, জাতিসংঘ শিশু তহবিলের দেশীয় প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ এবং জন্ম ও মৃত্যুনিবন্ধন প্রকল্পের প্রকল্প পরিচালক আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী। বিজ্ঞপ্তি