আগামী মাসে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী (ফেব্রুয়ারি) মাসে অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা করা হবে বলে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন। গতকাল রোববার ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের দ্বিবার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।তথ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে ও স্বাধীনভাবে মত প্রকাশের জন্য কাজ করে যাচ্ছে। অষ্টম ওয়েজ বোর্ডের বিষয়ে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ডিইউজের নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। সংবাদপত্রের মালিকদের সঙ্গেও আলোচনা করেছি। তিনি বলেন, সরকার চায় সাংবাদিকেরা তাঁদের দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করুন। ইতিমধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা কল্যাণ তহবিল গঠনের। সে প্রক্রিয়াও শুরু করা হয়েছে। ইতিমধ্যে কল্যাণ তহবিলের জন্য প্রাথমিকভাবে এক কোটি টাকার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ডিইউজের সভাপতি শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, ডিইউজের সাধারণ সম্পাদক আবু জাফর প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সাংবাদিক নেতারা অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা, সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, পেনশন প্রথা চালু, আবাসনব্যবস্থা নিশ্চিত করা এবং সাংবাদিকদের জন্য ১৯৭৪ সালের বেতন বোর্ড গঠনের আইন পুনর্বহালের দাবি জানান। আজ সোমবার ডিইউজে নির্বাচনের ভোট গ্রহণ। সকাল নয়টা থেকে মাঝে দুপুরের খাবারের বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ১৯টি পদের বিপরীতে এবারের নির্বাচনে পূর্ণ ও আংশিক মিলে ছয়টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। অতীতে কখনো এত প্যানেল ও প্রার্থীর অংশগ্রহণ দেখা যায়নি বলে সংশ্লিষ্টরা জানান।