আগারগাঁওয়ে চলছে বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাংড়া, হিমসাগর, ফজলি, আমেরিকান কেন, পলমল, ফালান, আম্রপালি, দোখমাইসহ মোট ২২ ধরনের আম ফলবে একটিমাত্র গাছে! গল্প নয়, সত্যি। বাড়ির আঙ্গিনায় মাত্র চার হাত বাই চার হাত জায়গা থাকলে সেখানেই এমন একটি আমগাছের চারা রোপণ করা যাবে। একটি গাছ থেকে এ রকম বারোয়ারি আমের ফলন পেতে আপনাকে ছুটে যেতে হবে এ বছরের বৃক্ষমেলায়। রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রসংলগ্ন মাঠে গত বুধবার থেকে শুরু হয়েছে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১১’। চলবে পুরো জুন মাস। মেলার স্লোগান ‘দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি’। মোট ৮৭টি প্রতিষ্ঠান এ বছর মেলায় অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে সাতটি সরকারি এবং ৭৪টি বেসরকারি প্রতিষ্ঠান। ছয়টি অন্যান্য বেসরকারি সংস্থাও বৃক্ষমেলায় তাঁদের স্টল দিয়েছে।একটি গাছে ২২ প্রজাতির আম ফলাতে সক্ষম—এমন চারা পাওয়া যাচ্ছে নরসিংদী থেকে আসা ‘পল্লী নার্সারি সেন্টার’-এর স্টলে। নার্সারির স্বত্বাধিকারী মো. লুৎফর রহমান সরকার এই চারার উদ্ভাবক। তাঁর স্বপ্ন, একটি গাছে ১০০ প্রজাতির আম ফলাবেন। জানতে চাইলে লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, ‘খুব অল্প জায়গার মধ্যে একটি আমগাছে কলম বা গ্রাফটিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রজাতির আম ফলানো সম্ভব। এ বছর আমি এক গাছে ৪৪ প্রজাতির আম ফলানোর চেষ্টা করছি।’ এই স্টলে বিভিন্ন গাছের চারা দিয়ে বানানো ঘর চোখে পড়ার মতো। পাওয়া যাবে আফ্রিকার ‘ল্যাংশট’ প্রজাতির গাছ। এ গাছের ফল খেলে শরীরে প্রচুর শক্তি আসবে। এ ছাড়া ক্ষুধাবর্ধক ফল থাই ডুমুরের গাছও পাওয়া যাবে। দেশি আম: রাজশাহী নার্সারির স্টলে ১০-১২ প্রজাতির দেশি আমের চারা পাওয়া যাচ্ছে। রানিপছন্দ, দুধসর, ক্ষীরসাপাতি, গোপালভোগ, সুরমা ফজলি, লক্ষণভোগ উল্লেখযোগ্য। আকারে ছোট ও দেখতে খুব একটা ভালো না হওয়ায় বাণিজ্যিকভাবে এসব আমের চাষ কমে গেছে বলে জানালেন এই নার্সারির মালিক হেলাল উদ্দিন। বিলুপ্তপ্রায় গাছ: সাভারের হর্টাস নার্সারি বিলুপ্তপ্রায় কিছু উদ্ভিদ সংগ্রহ করে মেলায় নিয়ে এসেছে। এগুলোর মধ্যে রয়েছে বাঁশপাতা, পারুল, মনিরাজ, কুম্ভি, ধারমারা প্রভৃতি। ডেওয়া, কেউ, বৈচি, বিলম্ব, অড়বরই, ডুমুরের মতো বিলুপ্তপ্রায় উদ্ভিদও খুঁজে পাওয়া গেল মেলার বিভিন্ন স্টলে। শোভাবর্ধক গাছের আধিক্য: ঘরের শোভা বাড়াতে মানিপ্ল্যান্ট, বনসাই, ক্যাকটাস থেকে শুরু করে বিভিন্ন শোভাবর্ধক গাছের আধিক্য মেলায় চোখে পড়ে। আশুলিয়ার গ্রিনল্যান্ড নার্সারির স্টলে এ ধরনের শতাধিক প্রজাতির গাছ আছে। মালিক মো. হারুন অর রশিদ বলেন, ‘হেলিকুনিয়া, অঞ্জলিকা এগুলো পাতাসর্বস্ব গাছ ঘর সাজানোর কাজেই বেশি ব্যবহূত হয়। তবে এখানে বনসাই গাছই সবচেয়ে বেশি।’ এই স্টলে চুলের বেণির মতো তৈরি করা হয়েছে পেস্তাবাদামের বনসাই। দাম তিন হাজার টাকা। শিগগিরই তিন লাখ টাকা দামের বটগাছের বনসাই নিয়ে আসা হবে। মাটির প্রয়োজন হয় না এ ধরনের ‘এয়ার প্লান্ট’ রয়েছে এই স্টলে। তারের সঙ্গে ঝুলে বড় হয় এই ধরনের গাছ, সপ্তাহে মাত্র এক দিন পানি ছিটাতে হয়। প্রমি গার্ডেনের স্টলে দেখা গেল বাহারি রঙের ক্যাকটাস। সবুজ, লাল, হলুদসহ বিভিন্ন রঙের ক্যাকটাস পাওয়া যাবে এখানে। পুষ্পকানন ও ইকবাল নার্সারিতে দেড় শতাধিক প্রজাতির শোভাবর্ধক গাছ পাওয়া যাবে। ছাদে বাগান: বাংলাদেশ গ্রিন রুফ মুভমেন্ট বাড়ির ছাদে বাগান করার পদ্ধতি জনপ্রিয় করার জন্য কাজ করছে। মেলায় তাদের স্টলে মডেল তৈরি করে এই পদ্ধতি দেখানো হচ্ছে। দৈনিক মাত্র আধা ঘণ্টা সময় ব্যয় করেই বাড়ির ছাদে প্রায় দুই হাজার বর্গফুটের একটি বাগান রক্ষণাবেক্ষণ করা সম্ভব। আপেল ছাড়া যেকোনো ফলের গাছ ছাদে ছোট একটি টবে লাগিয়ে বড় করা যায়। এ ছাড়া স্থায়ী পদ্ধতিতে বাক্স তৈরি করে ছাদে সবজি চাষ করা সম্ভব। দর্শনার্থী কম: গতকাল রোববার মেলা ঘুরে দেখা যায়, হরতালের জন্য দর্শনার্থীর সংখ্যা কম। সপ্তাহখানেকের মধ্যেই মেলা আরও জমে উঠবে বলে তাঁরা আশাবাদী।