আগারগাঁওয়ে সরকারি মাঠ দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগারগাঁও পঙ্গু হাসপাতালের পাশে অবস্থিত সরকারি মাঠটি দখল করে গড়ে উঠেছে পরিচ্ছন্নতাকর্মীদের অবৈধ কলোনি, দোকানপাটসহ বিভিন্ন অবৈধ স্থাপনা। এখন নির্মাণ করা হচ্ছে একটি মহাবিদ্যালয়ের জন্য পাকা স্থাপনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দেওয়ার পর এর প্রতিবাদে গতকাল রোববার পরিচ্ছন্নতাকর্মী ও কলোনির বাসিন্দারা এলাকায় মানববন্ধন করেছেন। জানা গেছে, গণভবন, সংসদ ভবনসহ সংশ্লিষ্ট এলাকার জলাবদ্ধতা নিরসনের জন্য আগারগাঁওয়ের ওই মাঠ এলাকায় কৃত্রিম খাল খননের একটি পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতেই ১৫ দিন আগে অবৈধ স্থাপনা উচ্ছেদের নোটিশ দেওয়া হয়। বিশ্বখ্যাত ফরাসি স্থপতি লুই কান জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকার মহাপরিকল্পনা তৈরির সময় জলাবদ্ধতা নিরসনের প্রকল্প বাস্তবায়নের কথা বলেছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তর এর ভিত্তিতে ওই এলাকায় জলাবদ্ধতা নিরসনের একটি প্রকল্প হাতে নেয়। এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, লুই কানের মহাপরিকল্পনায় ওই এলাকায় খাল খননের বিষয় নির্দিষ্ট করা আছে। তা ছাড়া সেখানে কোনো অবৈধ স্থাপনা থাকতে দেওয়া যায় না।সংশ্লিষ্ট সূত্র জানায়, পঙ্গু হাসপাতালসংলগ্ন মাঠে কোনো রকম অনুমোদন ছাড়াই উল্লিখিত অবৈধ স্থাপনাগুলো গড়ে ওঠে অনেক আগে থেকেই। সেখানে দোকানপাট নির্মাণ করা হয় যথেচ্ছভাবে। সবশেষে সেখানে একটি মহাবিদ্যালয় স্থাপনের কাজ শুরু করা হয়। এ জন্য একতলার পাকা দেয়ালও নির্মাণ করা হয়েছে। মানববন্ধন: উচ্ছেদের নোটিশ প্রত্যাহার ও নিরাপদ বাসস্থানের দাবিতে গতকাল সকালে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম), বাংলাদেশ দলিত হিউম্যান রাইটস (বিডিএইচআর) ও দলিত নারী ফোরাম যৌথভাবে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের হাতে শোভা পাচ্ছিল ‘আমাদের ঘর ভেঙো না, ঘর আমার অধিকার, আমার থাকার জায়গা দাও’ ইত্যাদি স্লোগানসংবলিত প্লাকার্ড। সমাবেশে বিডিএইচআরের সভাপতি বোধানকি শলোমন বলেন, ‘এই জনগোষ্ঠী ঢাকা শহর ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন। এই কলোনির বাসিন্দাদের স্বার্থে বলতে চাই, এই কলোনিবাসীর স্থায়ী বাসস্থানের ব্যবস্থা না করা পর্যন্ত উচ্ছেদ নোটিশ প্রত্যাহার করতে হবে। অবিলম্বে পঙ্গু হাসপাতালের কলোনিসহ ঢাকার অন্য সুইপার কলোনিগুলো সংস্কার করে তা এই জনগোষ্ঠীর লোকজনের নামে স্থায়ী বরাদ্দ দিতে হবে।’ দলিত নারী ফোরামের সভাপতি মণি রানী দাস বলেন, ‘২০০৭ সালে মোহাম্মদপুর কলোনি উচ্ছেদের আগে সরকার পুনর্বাসনের ব্যবস্থা করেছিল। কিন্তু এই কলোনিবাসীর পুনর্বাসনের ব্যবস্থা না করেই সরকার উচ্ছেদের নোটিশ দিয়েছে। পুনর্বাসনের ব্যবস্থা না করে কলোনি উচ্ছেদের নোটিশ মানবাধিকার লঙ্ঘনের শামিল।’বিডিইআরএমের সভাপতি মুকুল সিকদার বলেন, ‘বাসস্থান প্রত্যেক নাগরিকের মানবাধিকার। সরকার দরিদ্র ও ভূমিহীন জনগণের বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের কথা বলেন। অথচ এই ভূমিহীন দলিত ও বঞ্চিত কলোনিবাসীর পুনর্বাসন ছাড়াই বাসস্থান থেকে উচ্ছেদের নোটিশ দিয়েছে, যা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।’