আগুনে গৃহবধূ, ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে পৃথক ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে এক গৃহবধূর ও নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।পুলিশ ও ঢাকা মেডিকেল হাসপাতাল সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার মতিঝিল ব্যাংক কলোনিতে নির্মাণাধীন একটি ১২ তলা ভবন থেকে পড়ে রাকিব হাসান (২৫) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। গতকাল সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।রাকিবের বাবার নাম আয়নাল হোসেন, গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরের আজাইপুরে।পৃথক ঘটনায় গতকাল ভোরে রাজধানীর কুড়িল পূর্বপাড়ায় অগ্নিদগ্ধ হয়ে আলফা আক্তার (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আলফার স্বামীর নাম সোলায়মান মৃধা। বাড্ডা থানার পুলিশ ও তাঁর পরিবারের সদস্যরা জানিয়েছেন, আলফা-সোলায়মান দম্পতির দুটি সন্তান রয়েছে। একজনের বয়স পাঁচ বছর, আরেকজনের তিন মাস। গতকাল সকাল ছয়টার দিকে ছোট বাচ্চার জন্য খাবার গরম করতে রান্নাঘরে গেলে তাঁর শরীরে আগুন ধরে যায়। বাসার অন্যরা উঠে আসতে আসতেই তিনি গুরুতরভাবে দগ্ধ হন। এরপর তাঁকে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে দুপুরে তাঁর লাশ বাসায় নেওয়া হয়। সেখান থেকে বাড্ডা থানার উপপরিদর্শক খান নুরুল ইসলাম লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।