আগুনে পুড়ে শিশুর মৃত্যু
রাজধানীর শ্যামপুরের আলীবহর এলাকায় আগুনে পুড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে ওই এলাকার একটি বস্তিতে আগুন ধরে গেলে শিশুটি ঘরের মধ্যে আটকা পড়ে। আগুনে বস্তির ১০-১৫টি ঘর পুড়ে যায়। দমকল সূত্র জানায়, আলীবহরে আগুন পুড়ে মারা যাওয়া শিশুটির নাম শাওন। তার পিতা শাহ আলম পেশায় মিস্ত্রি। মা লিজা বেগম শিশুটিকে নিয়ে বস্তিতে থাকেন।পুলিশ জানায়, আলীবহরে হাজি দ্বীন মোহাম্মদ দিলুর একটি টিনের ছাউনির বস্তি আছে। আড়াই শ কক্ষের এই বস্তিতে পুরোনো বিদ্যুতের লাইনের কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। এ বস্তিতে গতকাল দুপুরে আগুন লাগে।ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, বিদ্যুতের তার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার আগে ঘরের ভেতরে শাওনকে ঘুম পাড়ানোর পর মা গোসল করতে যান। তিনি ফিরে এসে কক্ষে আগুন দেখে লোকজনকে ডাকেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে কেউ এগিয়ে আসার সাহস করেনি। দূর থেকে সন্তানের আগুনে পুড়ে মৃত্যুর দৃশ্য দেখেন মা। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে আগুনে পোড়া শিশুটিকে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। এদিকে বেলা ১১টার দিকে রাজধানীর ডেমরা সারুলিয়ার বড়ভাঙ্গায় যমুনা ইনসল্যুশন নামের জুতার আঠা তৈরির একটি কারখানায় আগুন লাগে। এতে ৯০ লাখ টাকার ক্ষতি হয় বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।