আগ্নেয়াস্ত্রসহ আরও এক যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের দক্ষিণ শেওড়াপাড়ায় যুবলীগের নেতা মামুন হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গোলাম মোস্তফা ওরফে বাবু নামের আরেক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির ভাষ্যমতে, গত শুক্রবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র, তিনটি গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্ত্রাসীরা ২০১০ সালের ২৩ আগস্ট রাতে দক্ষিণ শেওড়াপাড়ায় বাসার সামনে কারওয়ান বাজার ওয়ার্ড যুবলীগের নেতা মামুনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় পরে থানায় হত্যা মামলা করা হয়। আদালত ঘটনা তদন্তের দায়িত্ব দেন ডিবিকে। এ ঘটনায় জড়িত সন্দেহে গত ৬ জুন পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে পারভেজ ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেন। এ ছাড়া জড়িত আরও কয়েকজনের নাম ডিবিকে জানান। পরে আদালতেও তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁর তথ্যের ভিত্তিতে গোলাম মোস্তফাকে (২৮) গ্রেপ্তার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পারভেজ ও গোলাম মোস্তফার দেওয়া বিবরণ অনুযায়ী, কারওয়ান বাজারের চাঁদাবাজি নিয়ে চান্দি শাহাদত নামের একজনের সঙ্গে মামুনের দ্বন্দ্ব দেখা দেয়। এর জেরে শাহাদতের নির্দেশে তাঁরাসহ কয়েকজন মামুনকে হত্যা করেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেপ্তার করা গোলাম মোস্তফার বিরুদ্ধে মামুন হত্যা মামলা ছাড়াও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।