জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ মঙ্গলবার এ মামলার অভিযোগপত্রের গ্রহণযোগ্যতা শুনানির দিন ধার্য রয়েছে। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রথম আলোকে বলেন, আদালতে যাওয়ার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। ৫ আগস্ট আদালত এ তারিখ ধার্য করেন।এ বিষয়ে পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান বলেন, আদালত অঙ্গনে নিরাপত্তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ মামলায় অন্য আসামিরা হলেন, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএর নৌনিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না, ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান ও খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী। হারিছ চৌধুরী শুরু থেকেই পলাতক রয়েছেন।গত বছর ৮ আগস্ট জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগ এনে খালেদা জিয়াসহ চারজনের নামে তেজগাঁও থানায় মামলা করে দুদক।