আজ একটি খেলার মাঠ দখলমুক্ত হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার লালবাগের আমলীগোলা পাইপ কারখানাসংলগ্ন বালুঘাট ঈদগাহ ও খেলার মাঠটি আজ রোববার দখলমুক্ত হওয়ার কথা। সরকারি সূত্র জানিয়েছে, সকালে ঢাকা জেলা প্রশাসন দখলমুক্ত করতে অভিযান চালাবে।এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জগন্নাথ সাহা রোডের ওই মাঠটি ২০০৩ সাল থেকেই বেদখল হয়ে আছে। মাঠের জায়গায় তৈরি করা দোকান, পাকা ও আধা পাকা ঘর সবই অবৈধ।জেলা প্রশাসনের কার্যালয় থেকে জানা যায়, মাঠটির আয়তন ৭০ শতক। সম্প্রতি ঢাকা জেলা প্রশাসনের এক সভায় ওই মাঠ থেকে অবৈধ দখলদার উচ্ছেদের সিদ্ধান্ত হয়। মাঠটি মুক্ত করতে কয়েক মাস আগে জাতীয় দলের সাবেক ফুটবলার ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সহসভাপতি রিয়াজ উদ্দিন হাইকোর্টে রিট আবেদন করেন। আদালত এ বিষয়ে জানতে ঢাকা জেলা প্রশাসককে কারণ দর্শানোর নোটিশ দেন। এরই পরিপ্রেক্ষিতে ঢাকা জেলা প্রশাসন মাঠটি অবৈধ দখলমুক্ত করার সিদ্ধান্ত নেয়।ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আল আমীন প্রথম আলোকে বলেন, স্থানীয় একটি সংঘবদ্ধ চক্র জাল দলিল করে ওই ঈদগাহ ও খেলার মাঠের জায়গাটি অবৈধভাবে দখল করে নেয়। অবৈধ দখলমুক্ত করে খেলার মাঠ হিসেবে সেটি আবার পুরান ঢাকাবাসীকে ফিরিয়ে দেওয়া হবে।