আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন
ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে রাজনীতির ঊর্ধ্বে রাখার আহ্বান জানিয়েছেন এর সাবেক নেতারা। তাঁরা বলেন, অরাজনৈতিক অবস্থান প্রায় এক হাজার ৩০০ সদস্যের এই সংগঠনের মর্যাদা বৃদ্ধি করেছে। গতকাল বৃহস্পতিবার ডিআরইউ প্রাঙ্গণে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সাবেক নেতারা এ কথা বলেন। তাঁরা সাগর-রুনী হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখতে ইউনিটির পরবর্তী নেতৃত্বের প্রতি আহ্বান জানান। গতকালের বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সাবেক চার সভাপতি শফিকুল কবির, শফিকুল করিম, মাহফুজুর রহমান ও শামীম আহমেদ বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন ইউনিটির বিদায়ী সভাপতি সাখাওয়াত হোসেন। সভায় সাধারণ সম্পাদকের প্রতিবেদন উপস্থাপন করেন সাজ্জাদ আলম খান ও কোষাধ্যক্ষের প্রতিবেদন পড়েন শফিকুল ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ শুক্রবার। রিপোর্টার্স ইউনিটিতে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।