আজ থেকে টেলিটকে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার থেকে দেশব্যাপী কর্মবিরতিতে যাচ্ছেন টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বুধবার গুলশানে টেলিটক কার্যালয়ের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। বেতন-ভাতা বৃদ্ধি, পদোন্নতি ও চাকরিবিধির দাবির সঙ্গে অপরিকল্পিত নিয়োগ এবং আগামীকাল শুক্রবার নিয়োগ পরীক্ষা বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করছেন তাঁরা। প্রতিষ্ঠানের সিস্টেম ইঞ্জিনিয়ারিং বিভাগের সহব্যবস্থাপক ও টেলিটক কর্মকর্তা-কর্মচারী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবু রায়হান মো. কাওছার প্রথম আলোকে বলেন, কোম্পানি পাঁচ বছর পার করেছে কিন্তু এখনো সার্ভিস রুল হয়নি। টেলিটকের বোর্ডে পাস হওয়া অস্থায়ী বেতন কাঠামো অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ দেওয়া হয়। কিন্তু বর্তমানে বেতন-ভাতা পরিশোধের ক্ষেত্রে সেই কাঠামোও মানা হয় না। তিনি অভিযোগ করেন, বিভিন্ন সময় নিয়োগ পরীক্ষার মাধ্যমে পাঁচ-ছয়টি পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়। তবে প্রতিবারই ৩৫ থেকে ৪০ জনকে নিয়োগ দেওয়া হয়। কর্মবিরতি সম্পর্কে টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবর রহমান কিছু বলতে অস্বীকৃতি জানান। তিনি প্রথম আলোকে বলেন, দাবি-দাওয়ার বিষয়ে সাত সদস্যের কমিটি করা হয়েছে। কমিটি বিষয়টি দেখছে।