আজ থেকে শিল্পকলায় লোকসংস্কৃতি উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালির শিকড়সন্ধানী লোকজ সংস্কৃতি নিয়ে উৎসবের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমী। প্রতিষ্ঠানের ‘দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সঙ্গে মেলবন্ধ’ কর্মসূচির আওতায় আজ শুক্রবার থেকে শুরু হবে দুই দিনব্যাপী লোকসংস্কৃতি উৎসব। একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের ব্যবস্থাপনায় শুরু হচ্ছে এই উৎসব। লোক ক্রীড়া, নাট্য, নৃত্য, গান এবং লোকসংগীতবিষয়ক তিনটি সেমিনার দিয়ে সাজানো হয়েছে কর্মসূচি।এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনারকক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন উৎসবের কর্মসূচি তুলে ধরেন। এ ছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লোকগবেষক সাইম রানা ও কমল খালিদ এবং উৎসব সমন্বয়কারী আবুল ফারাহ্্ পলাশ।আজ সন্ধ্যায় একাডেমীর জাতীয় চিত্রশালা প্লাজায় উৎসব উদ্বোধন করবেন পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরিন আহমাদ। সভাপতিত্ব করবেন একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী।বিকেল চারটা থেকে চিত্রশালা প্লাজায় হবে উৎসবের সাংস্কৃতিক পরিবেশনা ও সেমিনার। আর একাডেমীর উন্মুক্ত প্রাঙ্গণে থাকবে লোকজ খেলাধুলা। উদ্বোধনী দিন বিকেলে চন্দ্রালোক খেলাঘর আসর উপস্থাপন করবে লোকক্রীড়া বৌছি ও সাতচারা। মানিকগঞ্জের চান মিয়ার দল পরিবেশন করবে লোকজ খেলা রাজ্জু নৃত্য, গোল্লাছুট, লুডু, দাবা, মোরগ লড়াই ও হাঁড়িভাঙা। বাংলাদেশের লোকসংগীত বিষয়ে প্রবন্ধ পড়বেন কমল খালিদ। বাংলাদেশের লোক পরিবেশনাবিষয়ক প্রবন্ধ পাঠ করবেন সাইমন জাকারিয়া। সন্ধ্যায় উদ্বোধনী আনুষ্ঠানিকতার পর উপস্থাপিত যন্ত্রসংগীত পরিবেশনা। লালনগীতি শোনাবেন কোহিনূর আক্তার। জামাল উদ্দিন হোসেন, টুনটুন বাউল গাইবেন মোকসেদ আলী সাঁইয়ের গান। সুনীল কর্মকারের কণ্ঠে গীত হবে জালাল খাঁর গান। আবদুর রহমান বয়াতি গাইবেন শাহ আবদুল করিমের গান। পুঁথিপাঠ করবেন নেত্রকোনার হেলিম বয়াতি। সামিনা হোসেনের পরিচালনায় রায়বেশে নৃত্য পরিবেশন করবেন ভাবনার শিল্পীরা। ভাওয়াইয়া গান পরিবেশন করবেন রংপুরের ভূপতি। অমিত দে ও তাঁর দল সমবেত কণ্ঠে গাইবে ধামাইল গান। সারি গানের পরিবেশনায় অংশ নেবে সাইদুর রহমানের দল। নেত্রকোনার দিলু বয়াতির দল উপস্থাপন করবে কিচ্ছা গীতিকা।‘কণ্ঠযোদ্ধাদের ২৫ বছর’বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের রজতজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে ‘কণ্ঠযোদ্ধাদের ২৫ বছর’ শীর্ষক দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেলা ১১টায় গণগ্রন্থাগারের উন্মুক্ত চত্বরে দেশের জ্যেষ্ঠ ২৫ কণ্ঠযোদ্ধা অনুষ্ঠানের উদ্বোধন করবেন। বেলা সোয়া ১১টায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের মাধ্যমে ত্বকী স্কোয়াডের হাতে জাতীয় পতাকা হস্তান্তর করবেন কণ্ঠযোদ্ধারা। সাড়ে ১১টায় বের করা হবে পতাকা মিছিল। বিকেল তিনটায় পরিবেশিত হবে মুক্তিযুদ্ধের দলীয় আবৃত্তি। রাত নয়টায় ফানুস ওড়ানোর মাধ্যমে শেষ হবে আয়োজন।