আজ দোয়া ও বিশেষ মোনাজাত করবে হেফাজতে ইসলাম
সাভারে ভবনধসে নিহত শ্রমিকদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার লক্ষ্যে আজ শুক্রবার দেশের সব মসজিদে দোয়ার কর্মসূচি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে ঢাকায় জুমার নামাজের পর লালবাগ কার্যালয়ে, মিরপুর চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠে ও সাভারে বিশেষ মোনাজাত করা হবে। গতকালও হেফাজতের নেতা-কর্মীরা উদ্ধারকাজে অংশ নেন।হেফাজতের নেতাদের গণসংযোগ: ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচি সফল করার লক্ষ্যে গতকাল সকালে রাজধানীর লালবাগ মাদ্রাসা, মিরপুরের আরজাবাদ মাদ্রাসা, মহাখালী রেলক্রসিংসংলগ্ন জামিয়া ইবরাহিমীয়া মাদ্রাসা ও টঙ্গির চেরাগ আলী দারুল উলুম মাদ্রাসায় পৃথক সভা ও ওলামা সমাবেশ হয়। এসব সভায় যেকোনো মূল্যে অবরোধ সফল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।আজ মিরপুরে, কাল লালবাগে সমাবেশ: অবরোধ কর্মসূচি সামনে রেখে আজ শুক্রবার মিরপুরের চিড়িয়াখানা সড়কের ঈদগাহ মাঠে ‘শানে রিসালাত’ সমাবেশ করবে হেফাজতে ইসলাম। কাল শনিবার রাজধানীর লালবাগ আজাদ বালুর মাঠে সমাবেশ করার লক্ষ্যে গতকাল পুরান ঢাকার চকবাজারসহ বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করেছেন হেফাজতের ঢাকা মহানগর কমিটির নেতারা।