আজ বিশ্ব পর্যটন দিবস
আজ ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হবে। এ বছর দিনটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পর্যটন ও জীববৈচিত্র্য’।দিনটি উপলক্ষে দেওয়া আলাদা বাণীতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।বিস্তারিত কর্মসূচি নিয়েছে পর্যটন করপোরেশন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে: সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে পর্যটন শোভাযাত্রা, শিল্পকলা একাডেমীতে ‘রোড টু সুন্দরবন’ রোড শো উপলক্ষে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া বিভিন্ন বেসরকারি সংগঠন নানা কর্মসূচি পালন করবে।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর বাণীতে বলেন, পর্যটনশিল্প একদিকে যেমন বিশ্বভ্রাতৃত্ব সৃষ্টির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগী ভূমিকা রাখছে, তেমনি পরিবেশ ও প্রতিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে পর্যটনের অন্যতম আকর্ষণ বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার, বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন, কুয়াকাটা, হাকালুকি ও টাঙ্গুয়ার হাওর, সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য আজ হুমকির সম্মুখীন। প্রকৃতিনির্ভর টেকসই পর্যটন উন্নয়নের মাধ্যমে পরিপূর্ণ সংরক্ষণ নিশ্চিত করে আমাদের এ অমূল্য সম্পদকে সুরক্ষা করতে হবে।’