আজ মিরকাদিমের গাভি মিলবে রহমতগঞ্জ হাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহ্যের ধারাবাহিকতায় এবারও ঈদের দুই দিন আগে পুরান ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি মাঠে পাওয়া যাবে ‘মিরকাদিমের গরু’খ্যাত সাদা গাভি। হাটের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আজ বৃহস্পতিবার দুপুর থেকেই ব্যাপারীরা নদীপথে এ গরু নিয়ে রহমতগঞ্জ হাটে পৌঁছাতে শুরু করবেন।

মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম এলাকায় সাদা রঙের এ গাভিগুলো লালন-পালন করা হয়। পুরান ঢাকা, বিশেষ করে রহমতগঞ্জের বাসিন্দারা এই গরুর মূল ক্রেতা। মিরকাদিমের গাভি কোরবানি দেওয়াকে তাঁরা ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক হিসেবে বিবেচনা করেন। গত শতকের ত্রিশের দশকে চালু হওয়া রহমতগঞ্জ হাটটি গণি মিয়ার হাট নামেও পরিচিত। শুধু এই হাটেই মিরকাদিমের গাভি পাওয়া যায়।

গতকাল দুপুরে রহমতগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, মূল প্রবেশপথ দিয়ে ঢুকেই বাঁ পাশে মিরকাদিমের গাভির জন্য আলাদা জায়গা রাখা হয়েছে। হাটের ইজারাদার শফি মাহমুদ প্রথম আলোকে বলেন, একসময় এই হাটে কেবল মিরকাদিমের গাভিই পাওয়া যেত। বিশেষ ব্যবস্থায় লালন করা কয়েক হাজার গাভি বিক্রি হতে সময় লাগত না। তবে অতিরিক্ত খরচের কারণে খামারিরা এখন এসব গাভি পালনে উৎসাহ হারাচ্ছেন।

শফি মাহমুদ বলেন, গত বছর আড়াই শ, তিন শর মতো গাভি বিক্রি হয়েছে। এ বছর তা আরও কমবে।

খামারিরা বলেন, এ গরু তৈরির জন্য ভারতের ওডিশা, নেপাল, ভুটান এবং দেশের বিভিন্ন জায়গা থেকে উন্নত জাতের বাছুর সংগ্রহ করে সেগুলোকে বিশেষ ব্যবস্থাপনায় বড় করে তোলা হয়। এসব গরুর খাদ্যতালিকায় থাকে নারকেল ও তিসির খৈল, বাছাই করা গম, বুট ও খেসারির ভুসি, খুদের জাউ, মাটিচাপা দিয়ে পচানো ধানের কুটা ইত্যাদি। এ ধরনের খাদ্যাভ্যাস এবং কোনো ধরনের ঘাস খেতে না দেওয়ায় এসব গরুর মাংস হয় নরম ও সুস্বাদু।

গতকাল হাটের বাইরে একটি চায়ের দোকানে কথা হলো মিরকাদিমের গোপালনগর থেকে আসা গরু ব্যবসায়ী আবদুস সালামের সঙ্গে। তিনি বলেন, এই গরুগুলো অনেক যত্নের সঙ্গে পালন করা হয়। নিয়মিত গোসল করিয়ে গা মুছে দেওয়া, অতিরিক্ত গরমে ও শীতে তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা করা, গোয়ালে মশারির ব্যবস্থা রাখা এবং বাইরের মানুষ ঢুকতে না দেওয়ার মতো নানা সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। গাভি ছাড়া একই প্রক্রিয়ায় কিছু ষাঁড়ও পালন করা হয়। কিন্তু সেগুলোর দাম এবং আগ্রহী ক্রেতার সংখ্যা তুলনামূলক কম।