আজ রাজধানীর ১১ স্থানে যান চলাচল সীমিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ফাইল ছবি
প্রথম আলো ফাইল ছবি

রাজধানীর ১১টি অঞ্চলে সড়কে আজ বৃহস্পতিবার যানবাহন চলাচল সীমিত থাকবে। নাগরিকদের এসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। এসব সড়কে কড়াকড়ি তল্লাশিও থাকবে। কিছু স্থানে ব্যাক–প্যাক, হাতব্যাগ, ভ্যানিটি ব্যাগ ও সিগারেট লাইটার বহন নিষিদ্ধ করা হয়েছে।
গতকাল বুধবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ হিসেবে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এ উপলক্ষে আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এতে ৫৭টি মন্ত্রণালয়, বিভাগ এবং অধীন দপ্তরগুলো অংশ নেবে। তারা ব্যানার, ফেস্টুনসহ শোভাযাত্রা করে স্টেডিয়ামে আসবে। নয়টি স্থান থেকে শোভাযাত্রা করে স্টেডিয়ামে আসার কারণে আজ বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং চারপাশের বিভিন্ন সড়কে যান চলাচলে সমস্যা হবে।
ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া গতকাল এক বিবৃতিতে বলেন, শোভাযাত্রা যাতে নির্বিঘ্নে চলতে পারে সে কারণে শাহবাগ, কাকরাইল মসজিদ, নাইটিঙ্গেল, ফকিরাপুল, শাপলা চত্বর, গুলিস্তান, ফুলবাড়িয়া, চানখাঁরপুল, বকশীবাজার, পলাশী ও নীলক্ষেত অঞ্চলে চলাচলকারীদের বিকল্প সড়ক ব্যবহার করতে হবে। এ অবস্থায় জনসাধারণকে নিতান্ত প্রয়োজন ছাড়া গাড়ি নিয়ে এসব পথে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

দায়িত্বশীল পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আজকের অনুষ্ঠান উপলক্ষে শাহবাগ থেকে শুরু করে কাকরাইল হয়ে ফকিরাপুল, দৈনিক বাংলা পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে হেঁটে চলাচল করা যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গতকাল প্রথম আলোকে বলেন, যেকোনো ধরনের নাশকতা এড়াতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যে অনুষ্ঠানস্থলে থাকবেন সেখানে ব্যাক-প্যাক নিতে বারণ করা হয়েছে। বিশেষ করে পিঠে বহন ব্যাগ নিয়ে প্রবেশ করা যাবে না। তিনি জানান, স্টেডিয়ামের ভেতরে কেউ ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা আগুন জ্বালাতে পারে—এমন বস্তুও বহন করতে পারবেন না।