আজ সব সুপারশপ বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীতিমালায় বৈষম্য ও হয়রানির প্রতিবাদে আজ রোববার সব ধরনের সুপারশপ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন। এতে করে আজ আগোরা, মীনা বাজার, স্বপ্ন, প্রিন্স বাজার, ক্যারি ফ্যামিলি, আলমাসসহ সব ধরনের সুপারশপ বন্ধ থাকবে।
গতকাল শনিবার বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। দোকান বন্ধের মাধ্যমে সরকারের শীর্ষ নীতিনির্ধারক ও ক্রেতাদের সামনে সংকটের গভীরতা তুলে ধরাই লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপারমার্কেটগুলো একদিকে বৈষম্যমূলক নীতিমালার শিকার, অপরদিকে অনর্থক হয়রানির শিকার। এ ক্ষেত্রে প্রথমেই উল্লেখ্য, নিরাপদ খাদ্যের নামে ভ্রাম্যমাণ আদালতকে নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষের সুপারমার্কেটে নিয়মিত অভিযানের ঘটনা। কেবল ভ্রাম্যমাণ আদালত নয়, পুলিশ-র্যা ব ও মিডিয়াকর্মীদের নিয়ে বারবার অভিযান চালানো হচ্ছে। অবৈজ্ঞানিক পদ্ধতিতে খাদ্য পরীক্ষার পরিপ্রেক্ষিতে তাদের জরিমানাও করা হচ্ছে। দেখে-শুনে মনে হচ্ছে, এ ধরনের অভিযানে সুপারমার্কেটগুলোকেই টার্গেট করা হচ্ছে। একেক সময় একেকটি কর্তৃপক্ষ মিডিয়ার বিশাল বহর নিয়ে অভিযানে আসছে। খাদ্যের গুণগত মানের চেয়ে গণমাধ্যমে প্রচারই তাদের প্রধান উদ্দেশ্য। উৎপাদন ও সরবরাহ খাতে ভেজাল নিরোধে কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে কেবল সুপারমার্কেট বা নামীদামি দোকানে হানা দিয়ে খাদ্যের শুদ্ধতা নিশ্চিত করা সম্ভব নয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। তাতে বলা হয়, এ ধরনের প্রচারমুখী তৎপরতার মধ্য দিয়ে প্রকৃত অপরাধীদের ছাড় দেওয়া হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একটি বিকাশমান খাতকে অন্যায়ভাবে হয়রানি করা হচ্ছে বলে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, গত কিছুদিনে বিএসটিআইয়ের পাশাপাশি জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বেশ কিছু সুপারশপে অভিযান চালিয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একজন পরিচালকের কাছে সুপারশপ বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের তালিকাভুক্ত যেসব পণ্য আছে, সেগুলো আমরা পরীক্ষা করেছি। অন্যদিকে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন পণ্য পচা, নষ্ট ও মেয়াদ উত্তীর্ণ কি না, তা পরীক্ষা করে। বিএসটিআই থেকে হয়রানির কোনো সুযোগ নেই।’