আজ সারা দিন উৎসবে মেতে থাকবে ঢাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান বিজয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার সারা দিন রাজধানী ঢাকা থাকবে উৎসবের আমেজে। সকাল থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন ভিন্ন ভিন্ন কর্মসূচিতে উদ্যাপন করবে বাঙালির রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নপূরণের এই দিনটি।দেশের প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপি দিবসটি উপলক্ষে বিজয় শোভাযাত্রা বের করবে। সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। আওয়ামী লীগ ভোর সোয়া ছয়টায় কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশে সংগঠনের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করবে। সোয়া সাতটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং বেলা তিনটায় সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে শোভাযাত্রা বের করবে দলটি। প্রধান বিরোধী দল বিএনপি বেলা দুইটায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের করবে। এতে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের যথাসময়ে যোগ দিতে অনুরোধ করা হয়েছে।বিভিন্ন সংগঠনের কর্মসূচিবাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণের মুক্তমঞ্চে ১৬ দিনব্যাপী বিজয় উৎসবের সমাপনী অনুষ্ঠানে থাকবে সংগীত, নৃত্য, আবৃত্তি, নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক নাটকের ছবি, পোস্টার প্রদর্শনী ও মুক্তিযোদ্ধা সম্মাননা। বাংলা একাডেমীর নজরুল মঞ্চে বিকেল চারটায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। বেলা তিনটা ৪০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তান সেনাবাহিনীর আত্মসমর্পণের প্রতীকী অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ক্ষণ উদ্যাপন’ করা হবে। এর আয়োজক সেক্টর কমান্ডারস ফোরাম।সকাল ১০টায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে হবে শিশু-কিশোরদের আনন্দগান ও সন্ধ্যা ছয়টায় কিসসা কাহিনি। ঢাকা সিটি করপোরেশনের আয়োজনে বেলা ১১টায় ওসমানী উদ্যানে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী হবে। বেলা ১২টায় সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে আলোচনা সভা হবে।বিকেল সোয়া চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বেসরকারি মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ‘আমার দেশ আমার গর্ব’ শিরোনামে গানের অনুষ্ঠানের আয়োজন করা হবে।বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের তেজগাঁও কার্যালয়ে দিনব্যাপী বিজয় মেলা হবে। বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটি চলবে। বিজয় দিবস উপলক্ষে ঢাকার সদরঘাট, নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ জেটি মাতলা ঘাট, চট্টগ্রামের নেভাল জেটি, খুলনার বিআইডব্লিউটিএ রকেট ঘাট, বাগেরহাটের মংলার দিগরাজ নেভাল বার্থ ও বরিশালের বিআইডব্লিউটিএ জেটিতে নৌবাহিনীর জাহাজগুলো সর্বসাধারণের পরিদর্শনের জন্য বেলা দুইটা থেকে সূর্যাস্ত পর্যন্ত উন্মুক্ত থাকবে। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস খিলক্ষেতের বেঙ্গল সেন্টারে থাকছে সকাল ১০টায় বিজয় দিবস চিত্রমেলার তিন দিনের আর্ট ক্যাম্প। বেলা তিনটায় বুলবুল ললিতকলা একাডেমি ওয়াইজঘাটের বাফা মিলনায়তনে আলোচনা সভা ও নৃত্যগীত অনুষ্ঠানের আয়োজন করবে। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সেগুনবাগিচার কার্যালয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা ও আনন্দোৎসবের আয়োজন করা হয়েছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ম্যানেজমেন্ট নেট টিএসসিসংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটে সকাল ১০টা থেকে দিনব্যাপী রক্তদান কর্মসূচির আয়োজন করেছে। জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি নায়েম বেলা সাড়ে ১১টায় একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করেছে।বিকেল চারটায় গণউন্নয়ন গ্রন্থাগার রায়েরবাজার ছাতি মসজিদের পাশে চেতনা বিকাশ কেন্দ্র স্কুল প্রাঙ্গণে আয়োজন করেছে আলোচনা সভা ও বিচিত্রানুষ্ঠানের।