আজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শুরু
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন শুরু হচ্ছে আজ বুধবার। ভোট গ্রহণ শেষ হবে কাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায়। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৪ জন প্রার্থী। প্রতিবারের মতো এবারও নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থক আইনজীবী প্যানেলের প্রার্থীরা মূল প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এ ছাড়া আইনজীবী ঐক্য পরিষদ (হলুদ প্যানেল) থেকে পাঁচজন এবং সভাপতি পদে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।আওয়ামী লীগ-সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে মো. মুনসুরুল হক চৌধুরী ও সম্পাদক পদে মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী এবং বিএনপি-সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ (নীল প্যানেল) থেকে সভাপতি পদে জয়নুল আবেদীন ও সম্পাদক পদে মো. হেলাল উদ্দিন মোল্লা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া হলুদ প্যানেল থেকে সভাপতি পদে আইনজীবী এ বি এম নূরুল ইসলাম ও সম্পাদক পদে মো. শাহজাহান নির্বাচন করছেন। স্বতন্ত্রভাবে সভাপতি পদে মো. ইউনুস আলী আকন্দ নির্বাচনে অংশ নিচ্ছেন। নির্বাচন উপকমিটির আহ্বায়ক মো. নুর হোসেন চৌধুরী বলেন, এবার ভোটার তিন হাজার ৮২৯ জন।