আজও অনন্য হোসেনি দালান

স্বচ্ছ পানির একটি পুকুরের পাড়ে দৃষ্টিনন্দন একটি স্থাপনা। পুকুরে স্থাপনাটির ছায়া পড়ে অনন্য রূপ নিয়েছে। ব্রিটিশ লাইব্রেরির ওয়েবসাইটে পুরান ঢাকার অসাধারণ এই ছবি আছে। ঢাকা নিয়ে যাঁদের আগ্রহ, তাঁরা দেখলেই বুঝবেন, এটি হোসেনি দালান বা ইমামবাড়ার ছবি। ১৯০৪ সালে তোলা এই ছবির আলোকচিত্রী ফ্রিজ ক্যাপ, যিনি সেই সময়ের ঢাকার অনেক ছবি তুলেছিলেন। প্রায় ৩৫০ বছরের পুরোনো স্থাপনাটি মোগল ঐতিহ্যের নিদর্শন। জাতীয় জ্ঞানকোষ বাংলাপিডিয়ায় বলা হয়েছে, হোসেনি দালান পুরান ঢাকায় অবস্থিত শিয়া সম্প্রদায়ের একটি ইমারত। এটি মোগল আমলে নির্মিত হয়েছিল। ৬১ হিজরির ১০ মহররম (৬৮০ খ্রিষ্টাব্দের ১০ অক্টোবর) ইরাকের কারবালার যুদ্ধে হোসেনের শহীদত্বকে স্মরণ করার জন্য শিয়া সম্প্রদায় এটি নির্মাণ করেছিল। প্রচলিত লোককাহিনি অনুসারে, শাহ সুজার সুবেদারির সময় তাঁর এক নৌ-সেনাপতি মীর মুরাদ একদিন স্বপ্নে আল হোসেনকে একটি ‘তাজিয়াখানা’ নির্মাণ করতে দেখে এটি নির্মাণে উৎসাহিত হন। তিনিই এই ইমারতের নাম রাখেন হোসেনি দালান। ইরান সরকারের উদ্যোগে ২০১১ সালে হোসেনি দালানের ব্যাপক সংস্কার হয়। মহররমের ১ থেকে ১০ তারিখে হোসেনি দালান ঢাকা শহরের মূল আকর্ষণে পরিণত হয়। শিয়া সম্প্রদায়ের লোকেরা এখানে সমবেত হন। আশুরার দিনে (১০ মহররম) এই স্থান থেকে বিশাল একটি তাজিয়া মিছিল বের করা হয়। কেউ চাইলে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কাছাকাছি এই হোসেনি দালানে ঘুরে আসতে পারেন। লেখা: শরিফুল হাসান, ছবি: সাজিদ হোসেন