আজও রাজধানীতে পশু কোরবানি হয়েছে

আজও রাজধানীতে পশু কোরবানি হয়েছে অনলাইন ডেস্ক ঈদুল আজহার দ্বিতীয় দিন আজ শনিবারও রাজধানীর বিভিন্ন স্থানে পশু কোরবানি হতে দেখা গেছে। যারা নানা কারণে ঈদের দিন কোরবানি দিতে পারেননি, তারা আজ পশু কোরবানি দিয়েছেন। মুসলিম বিধানে ১০ জিলহজ থেকে ১২ জিলহজ পর্যন্ত তিন দিন কোরবানি দেওয়ার নিয়ম আছে। পুরান ঢাকাসহ নগরীর অভিজাত এলাকায় যারা একাধিক পশু কোরবানি দিয়ে থাকেন, তাদের অনেককে গতকাল শুক্রবারের মতো আজও পশু কোরবানি দিতে দেখা গেছে। পুরান ঢাকার রায়সাহেব বাজার, বংশাল, অভিজাত এলাকা গুলশানের বারিধারা এবং মালিবাগ ও খিলগাঁও এলাকায় আজ অনেকেই পশু কোরবানি দিয়েছেন। খবর বাসসের। মালিবাগের স্থায়ী বাসিন্দা শিপন আহমেদ আকন্দ জানান, তাদের পরিবারের পক্ষ থেকে দুটি গরু কোরবানি দেওয়া হয়। একটি তার মা এবং অপরটি তিনি নিজে দিয়ে থাকেন। শিপন বলেন, ছোট বেলায় তার বাবা মারা যাওয়ায়, তাঁকেই পরিবারের সব দায়িত্ব পালন করতে হয়। প্রতিবছর তার মা, তার ও তার বাবার নামে পৃথক কোরবানি দেন। এ কারণে তাকে দু’টি গরু কেনা থেকে শুরু করে কোরবানি দেওয়া পর্যন্ত সবকিছুর দেখভাল করতে হয়। ঈদের দিন একসঙ্গে দুটি গরু কোরবানি দিয়ে ভাগ বাঁটোয়ারা করা বেশ কষ্ট সাধ্য বলে দু’দিনে দু’টি গরু কোরবানি দিয়ে থাকেন। শিপন আকন্দ আরও বলেন, ঈদের দিন মার ও পরের দিন তার গরু কোরবানি দেন। এতে বেশ স্বচ্ছন্দে কাজ সম্পন্ন করা যায় বলেও তিনি জানান। বারিধারার বাসিন্দা জুয়েল হাজারী জানান, তার গ্রামের বাড়ি কক্সবাজারের ডুলাহাজারা। প্রতিবছরই তিনি সেখানে কোরবানি দেন। তবে ব্যবসার কারণে তাঁকে ঢাকায়ও একটি পশু কোরবানি দিতে হয়। এ পশুর অধিকাংশ মাংস তার অফিস কর্মচারীদের মধ্যে বিতরণ করে দেওয়া হয় বলে তিনি জানান। মাদারটেক সরকারপাড়া মসজিদের পেশ ইমাম মাওলানা নূরে আলম সিদ্দিকী জানান, মুসলিম ধর্মীয় বিধান অনুযায়ী ঈদের দিন থেকে তিন দিন কোরবানি দেওয়ার নিয়ম রয়েছে। সে হিসেবে মুসলিম ধর্মানুসারী মানুষ আগামীকাল রোববারও পশু কোরবানি দিতে পারবেন। তিনি বলেন, ইসলাম ধর্ম হচ্ছে এমন এক পরিপূর্ণ জীবন বিধান, এর কোনো কিছুতেই তেমন কোনো বাড়াবাড়ি নেই। ইমাম বলেন, মানুষের অনেক সমস্যা থাকতে পারে। যেমন-হঠাৎ করে কোন ব্যক্তি বা তার পরিবারের কেউ অসুস্থ হয়ে হাসপাতালে থাকতে পারেন। সে ক্ষেত্রে একদিনের মধ্যেই যদি কোরবানির বিধান সীমাবদ্ধ থাকত, তাহলে ওই ব্যক্তি বা পরিবারের পক্ষে কোরবানি দেওয়া সম্ভব হতো না। তিনি বলেন, মহান আল্লাহ তায়ালা তিন দিনের মধ্যে কোরবানি দেওয়ার নিয়ম রাখায় মানুষ কোনো সমস্যায় পড়লেও তা কাটিয়ে উঠে ধর্মীয় বিধান পালন করতে পারছেন।