আজকের শিশু আগামীর ভবিষ্যৎ: সংস্কৃতিমন্ত্রী
সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, আজকের শিশু আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। তারাই ধারণ করবে বাংলার আবহমান ঐতিহ্য ও সংস্কৃতি।ইসলামিক এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন (আইসেসকো) ঢাকাকে ইসলামিক সংস্কৃতির রাজধানী-২০১২ ঘোষণা উপলক্ষে গতকাল রোববার লালবাগ দুর্গে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আয়োজিত ‘উন্মুক্ত দিবস’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন। আইসেসকোর সহায়তায় এই দিবসের প্রধান লক্ষ্য হলো, সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষা সম্পর্কে সমাজের সবার মধ্যে সচেতনতা সৃষ্টি, মুসলিম দেশের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নিজস্বতা সম্পর্কে গৌরববোধ জাগিয়ে তোলা এবং মানবসভ্যতায় ইসলামিক সংস্কৃতির অবদান তুলে ধরা।প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক শিরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব মো. শফিকুল ইসলাম। পরে মোগল আমলের সাজসজ্জার অনুকরণে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তথ্য বিবরণী।