আজমেরির অবস্থার উন্নতি হচ্ছে হত্যাচেষ্টার তদন্ত চলছে
পুড়ে মরার হাত থেকে বেঁচে যাওয়া আজমেরিকে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়েছে। তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। তাঁকে হত্যাচেষ্টার ঘটনাটির তদন্ত করছে পুলিশ। তবে এখনো গ্রেপ্তার হয়নি অভিযুক্ত স্বামী রুবেল।সারা শরীর কেরোসিনে ভেজা, মুখে কাপড় গোঁজা, দুই হাত বাঁধা অবস্থায় গত সোমবার রাতে গণভবনের সামনে থেকে আজমেরিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় শেরেবাংলা নগর থানার পুলিশ। আজমেরির অভিযোগ, তাঁর সাবেক স্বামী রুবেল আত্মীয়দের নিয়ে তাঁকে হত্যার চেষ্টা চালিয়েছে।আজমেরির বোন নাসরিন প্রথম আলোকে জানান, গতকাল আজমেরিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়েছে। তাঁর অবস্থা আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন চিকিৎসকেরা।এদিকে পুলিশ বলছে, আজমেরির দেওয়া তথ্যে কিছু গরমিল পাওয়া গেছে। আজমেরির দেওয়া বিভিন্ন ঠিকানায় গতকাল পুলিশ গিয়ে আজমেরির বক্তব্যের সত্যতা খুঁজে পায়নি। তবে রুবেল সম্পর্কে আজমেরি যা যা বলেছে, সবই ঠিক। আজমেরির স্বামী জমির মধ্যস্থতাকারী রুবেল একাধিক বিয়ে করেছেন এবং তিনি আজমেরির কাছ থেকে ছয় লাখ টাকা ও তাঁর সাত ভরি স্বর্ণালংকার নিয়েছেন। তাঁর বিরুদ্ধে আজমেরির করা মামলায় অভিযোগপত্র দিয়েছে হাজারীবাগ থানার পুলিশ। তবে তাঁর হাত বেঁধে, মুখে কাপড় গুঁজে গাড়িতে ওঠানোর যে ঘটনাটি আজমেরি বলেছেন, প্রাথমিক তদন্তে সেখানে কিছু গরমিল পাওয়া গেছে। এ নিয়ে আরও তদন্ত চলছে বলে জানায় পুলিশ।তদন্তকারী শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ হোসেন জানান, আজমেরি যেখানে থাকতেন বলে জানিয়েছেন, পোস্তার সেই ঠিকানায় গিয়ে তাঁর কথার সত্যতা পাওয়া যায়নি। এমনকি তিনি শ্বশুরবাড়ির ঠিকানা হিসেবে যে বাড়ির ঠিকানা দিয়েছেন, তাও ঠিক নয়। সেখানে তাঁর শ্বশুরবাড়ি নেই। তবে পুলিশ আরও তদন্ত করছে।