আজিজের জায়গায় কে আসছেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগর আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার বিষয়টি আবারও কিছুটা অনিশ্চয়তায় পড়েছে। মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ মারা যাওয়ার কারণে দলীয় নীতিনির্ধারকদের নতুন করে পরিকল্পনা করতে হচ্ছে। কারণ তাঁকে ঢাকা দক্ষিণ কমিটির সভাপতি হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছিল।
আগামী ২৮ মার্চ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। এর আগেই মহানগরের দুই কমিটি ঘোষণা করার পরিকল্পনা ছিল। এরই মধ্যে গত ২৩ জানুয়ারি হঠাৎ করে এম এ আজিজ মারা যান।
আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র জানায়, জাতীয় সম্মেলনের তারিখ ঠিক করার পর ১৫ জানুয়ারির মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণের আলাদা মহানগর কমিটি ঘোষণা করার পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনা পরিবর্তিত হয়ে ফেব্রুয়ারিতে কমিটি ঘোষণার পরিকল্পনা নেওয়া হয়। এম এ আজিজের মৃত্যুতে সেটা আরেক দফা অনিশ্চয়তায় পড়েছে। বর্তমানে ঢাকা মহানগর আওয়ামী লীগের কমিটি একটাই। ঢাকা দুই ভাগ করার পর দুটি কমিটি করার সিদ্ধান্ত নেন দলের নীতিনির্ধারকেরা।
দলীয় সূত্র জানায়, গত বছরের শুরুতে কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক ও আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ফারুক খানকে ঢাকার দুটি কমিটির রূপরেখা তৈরি করার দায়িত্ব দেন দলের সভাপতি শেখ হাসিনা। কয়েক মাস পর্যালোচনা করে দুজন দুটি কমিটির সম্ভাব্য নেতাদের নাম সুপারিশ করেন। এর মধ্যে উত্তরে সাংসদ এ কে এম রহমত উল্লাহকে সভাপতি ও সাদেক খানকে সাধারণ সম্পাদক করার সুপারিশ ছিল। আর দক্ষিণে এম এ আজিজ ও শাহে আলম মুরাদকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য প্রস্তাব করা হয়। দলীয় সভাপতিও এতে একমত হন।
জানতে চাইলে আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, এম এ আজিজের মৃত্যুতে পরিকল্পনায় কিছুটা পরিবর্তন আসবে। তবে শিগগিরই নতুন কমিটি হয়ে যাবে।
আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঢাকা মহানগরের উত্তরের কমিটির যে প্রস্তাব আছে, তা চূড়ান্তই। রদবদলের সম্ভাবনা নেই। তবে এম এ আজিজ মারা যাওয়ার কারণে দক্ষিণের সভাপতি কাকে করা হবে, সে বিষয়ে দলীয় সভাপতি শেখ হাসিনার মনোভাব জানতে পারেননি দায়িত্বপ্রাপ্ত নেতারা। তবে সাবেক সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকনের নাম আলোচনায় আছে। কেউ কেউ মনে করছেন, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরীকে সভাপতি করা হতে পারে। দলীয় সভাপতির মনোভাব বুঝে দায়িত্বপ্রাপ্ত নেতারা তা ঠিক করবেন। ফারুক খান প্রথম আলোকে বলেন, দু-এক দিনের মধ্যেই কমিটি হয়ে যাবে। শুধু এম এ আজিজের স্থানে পরিবর্তন আসবে। বাকি সবই চূড়ান্ত আছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সর্বশেষ নির্বাচিত কমিটি হয়েছিল ২০০৩ সালে। এরপর ২০১২ সালের ডিসেম্বরে সম্মেলনে কমিটি করা হয়নি। তখন কমিটি করার দায়িত্ব দেওয়া হয় দলের সভাপতি শেখ হাসিনার ওপর। নতুন কমিটি ঘোষণার আগ পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া নিজ নিজ পদেই বহাল থাকবেন বলে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু গত প্রায় তিন বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি।