আজিমপুর কমিউনিটি সেন্টার এখন রাজস্ব অফিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন বন্ধ থাকার পর আজিমপুর মিনি কমিউনিটি সেন্টার এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এলাকাবাসী বলছেন, কমিউনিটি সেন্টারটি বন্ধ হয়ে যাওয়ায় কম খরচে অনুষ্ঠান আয়োজনের সুযোগ হারিয়েছেন তাঁরা।

আজিমপুর মিনি কমিউনিটি সেন্টারটি আজিমপুরের পিলখানা রোড এলাকায় অবস্থিত। দক্ষিণ সিটি করপোরেশনের ওয়েবসাইট থেকে জানা যায়, দোতলা এই সেন্টারের দুপুরের ভাড়া সাড়ে পাঁচ হাজার টাকা। রাতের অনুষ্ঠানের জন্য গ্যাসের খরচ বাদে ভাড়া ছয় হাজার টাকা। 

গত শুক্রবার গিয়ে দেখা যায়, ভবনটিতে নতুন রং করা হয়েছে। দোতলার ওপর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন রাজস্ব বিভাগ, অঞ্চল-৩-এর সাইনবোর্ড ঝুলছে। সাইনবোর্ডে ঠিকানা হিসেবে আজিমপুর মিনি কমিউনিটি সেন্টার লেখা আছে। এলাকাবাসী এবং আশপাশের দোকানিরা বলেন, আজিমপুর এলাকার একমাত্র সরকারি কমিউনিটি সেন্টার এটি। আগে এখানে বিয়েসহ নিয়মিত নানা সামাজিক অনুষ্ঠানের আয়োজন হতো। সীমিত আয়ের লোকজনই সাধারণত এই সেন্টার ভাড়া নিতেন। এক বছরের বেশি সময় ধরে এটি বন্ধ ছিল। কিছুদিন ধরে রাজস্ব বিভাগের কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছে।

আরেক বাসিন্দা সোহেল রানা বলেন, ‘সরকারের জায়গা আবার সরকারই নিয়ে গেছে। সাধারণ মানুষের কাজে এল না।’ ডিএসসিসির অঞ্চল-৩-এর কমিউনিটি সেন্টারগুলোর দায়িত্বে আছেন ডিএসসিসির সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা রোকোনুজ্জামান। তিনি বলেন, সেন্টারটি বেশি দিন বন্ধ ছিল না। এটি সব সময়ই কম ব্যবহৃত হতো। তাই ডিএসসিসির সিদ্ধান্তে এক মাস ধরে এখানে রাজস্ব বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। এর আগে সংস্কারের জন্য তিন-চার মাস বন্ধ রাখা হয়েছিল।

কমিউনিটি সেন্টারে রাজস্ব অফিস স্থাপনের কারণ জানতে চাইলে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৩) এস এম আনছারুজ্জামান এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।