আজিমপুর মাতৃসদনে সেবা কম দালালদের দৌরাত্ম্য বেশি
দালালেরা হাসপাতালের বাইরে ওত পেতে থাকে। রোগী বের হলেই ধরে নেয়। পরামর্শপত্র কেড়ে নেয়। ১০০ টাকার ওষুধ ২০০ টাকায় কিনে দেয়। রোগী ধরে ক্লিনিকে নিয়ে যায়। এদের যন্ত্রণায় সবাই অতিষ্ঠ। আজিমপুরে মাতৃসদন ও শিশু স্বাস্থ্য প্রশিক্ষণ প্রতিষ্ঠান (মেটার্নিটি হাসপাতাল বলে বেশি পরিচিত) থেকে বের হয়ে দালালদের উৎপাতের কথা এভাবেই জানালেন চুড়িহাট্টার বাসিন্দা আবদুল হামিদ।গত সোম ও মঙ্গলবার হাসপাতালে গিয়ে দেখা গেছে, বাইরে দালালের দৌরাত্ম্য আর ভেতরে চিকিৎসাসেবার বেহাল দশা। সেবা নিতে আসা রোগী ও রোগীর আত্মীয়রা বলেছেন, হাসপাতালে নবজাতক ও মায়ের কান্না চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা শুনতে পান না। এখানে নির্জন পরিবেশ আর সময়মতো চিকিৎসাসেবা পাওয়া দুষ্কর।১৭৩ শয্যার এই হাসপাতালের পরিচালক সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে ২৪ ঘণ্টা সেবার ব্যবস্থা আছে। তবে কিছু অব্যবস্থাও আছে। এরই সুযোগ নিচ্ছে দালালেরা। তিনি জানান, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে গত মাসে দালালদের সঙ্গে বৈঠক হয়েছে। বিষয়টি তিনি র্যাবকেও জানিয়েছেন। একাধিক চিকিৎসক অভিযোগ করেছেন, দালালদের বিরক্তিকর উৎপাতে ভালো করে রোগীও দেখা যায় না। সকাল আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসকদের রোগী দেখার কথা। দেখা যায়, সকাল নয়টায় বহির্বিভাগের সামনে নবজাতক শিশুকে নিয়ে মায়েরা অপেক্ষমাণ। দায়িত্বরত কর্মচারী বলেন, সকাল ১০টার আগে চিকিৎসক আসবেন না। এদিকে দেখা যায়, গরমে শিশুরা কাঁদছে। কিন্তু কেউ যেন তা শুনছেন না।চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের দেরি করে হাসপাতালে উপস্থিত হওয়ার ব্যাপারে পরিচালক সিরাজুল ইসলাম বলেন, যানজটের কারণে অনেকে নির্ধারিত সময়ে আসতে পারেন না।সব শ্রেণীর রোগীই এখানে চিকিৎসা নিতে আসে। তবে নিম্নবিত্ত লোকের সংখ্যাই বেশি। হাসপাতাল থেকে কিছু ওষুধ, তুলা, ব্লেড এসব বিনা মূল্যে সরবরাহ করার কথা। কিন্তু রোগীরা জানান, কোনো কিছুই বিনামূল্যে দেওয়া হয় না। বাইরে থেকে কিনতে হয়।পাঁচ দিন চিকিৎসাধীন আছেন আবদুল হামিদের স্ত্রী শিউলী আক্তার। আবদুল হামিদ জানান, তাঁর স্ত্রীকে অস্ত্রোপচার করা হয়েছে। এক দিনেই তাঁকে সাড়ে তিন হাজার টাকার ওষুধ আর চিকিৎসা সরঞ্জাম কিনতে হয়েছে। কর্তৃপক্ষ কোনো ওষুধ দেয়নি।ভাগ্য ভালো থাকলে কেউ কেউ কেবিনে থেকে সেবা নেওয়ার সুযোগ পান। ২০ দিন এই হাসপাতালে থেকে চিকিৎসা নিয়েছে এমন একটি পরিবার অভিযোগ করেছে, কেবিন পরিষ্কার রাখতে বাইরের কর্মী নিতে হয়েছিল। কর্মীকে দিনে ১০০ টাকা করে দিতে হয়েছে। তারা আরও বলেছে, টয়লেট ভালো না, পানির কল অচল।এ ব্যাপারে পরিচালক বলেন, পর্যাপ্ত আর্থিক বরাদ্দ না থাকায় রোগীদের ওষুধসহ কিছু সরঞ্জাম কিনতে হয়। তিনি অভিযোগ করেছেন রোগীপক্ষের অনেকে কেবিনের কল খুলে নিয়ে যায়।